বাঁধনের 'জীবনের গল্প'

‘জীবনের গল্প’ নামের নতুন একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। মাইনুল হাসানের পরিচালনায় গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি।
‘জীবনের গল্প’ প্রসঙ্গে প্রথম আলোকে বাঁধন বলেন, ‘পারিবারিক টানাপোড়েনের চমত্কার একটি গল্প নিয়ে জীবনের গল্প নাটকটি নির্মিত হচ্ছে। নাটকটির গল্প যতটুকু পড়েছি, তাতে মনে হচ্ছে, ফিল্মি একটা ব্যাপার আছে, যা সাধারণত টিভি নাটকে খুব একটা দেখা যায় না। তাই শুটিং করেও বেশ ভালো লাগছে।’
জানা গেছে, ‘জীবনের গল্প’ নাটকটিতে বাঁধন অভিনয় করছেন মীর সাব্বিরের বিপরীতে জুটি হয়ে। আর বাঁধনের মায়ের চরিত্রে অভিনয় করছেন দিতি।
হুমায়ুন আহমেদের ‘বুয়া বিলাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল ২০০৬ সালের ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ বাঁধনের। এরপর অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও বাঁধনের উপস্থিতি সবার নজর কাড়ে। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ঘরোয়া একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ী মাশরুর হোসেনকে বিয়ে করেন বাঁধন। ২০১১ সালের ৬ অক্টোবর তিনি কন্যাসন্তানের মা হন। বাঁধনের মেয়ে মিশেল আমানীর বয়স এখন আড়াই বছর।