
অনুষ্ঠান শুরু হলো নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা পরে। নেপথ্যে বেজে উঠেছিল গান ‘অঞ্জলি লহ মোর...’। মিলনায়তনের বাইরে থেকে শিল্পীরা নৃত্যের তালে তালে ভেতরে ঢুকলেন দর্শকদের স্বাগত জানাতে জানাতে। একদল শিল্পী জায়গা করে নিলেন মঞ্চে। এরপর বক্তৃতায় কেটে গেল সরকারি সংগীত মহাবিদ্যালয়ে আয়োজিত ‘বাঁশিতে রবীন্দ্র-নজরুল’ অনুষ্ঠানের আরও খানিকটা সময়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা অসংখ্য গানের মধ্যে কোন বিষয়টি নেই সেটাই ভাবার বিষয়। তাঁদের গানে এসেছে নানা অনুষঙ্গ। এর মধ্যে একটি ‘বাঁশি’। অনেক গান আছে যেগুলোতে ‘বাঁশি’ শব্দটি নানাভাবে এসেছে। দুই কবির বাঁশির রাগ-রাগিণী কিংবা প্রেয়সীর মান ভাঙানোর কথা বলা হয়েছে—এমন কিছু গান নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় ‘বাঁশিতে রবীন্দ্র-নজরুল’ শিরোনামে ব্যতিক্রমী এক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। গানের পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি ও নৃত্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
ব্যতিক্রমী এই আয়োজনে আটটি সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা। গানগুলো ছিল ‘বাজাও আমারে বাজাও’, ‘ওদের সাথে মেলাও’, ‘পুবালি পবনে বাঁশি’, ‘বজ্রে তোমার বাজে বাঁশি’, ‘ঐ রাঙামাটির পথে লো’, ‘পদ্মার ঢেউ রে’, চলি গো’, ‘আমার মন, যখন জাগলি না রে’। ছিল একক সংগীত। সোহান গাইলেন নজরুলের ‘খোল খোল দুয়ার’। কুশল রায় শোনালেন রবীন্দ্রনাথের ‘আমি তোমার সঙ্গে’, উর্বী সোম নজরুলের ‘গগনে কৃষ্ণমেঘ’। সুমন গাইলেন ‘সুরে ও বাণীর মালা’। প্রমীলা রায় ‘দাঁড়িয়ে আছ তুমি আমার’। মফিজুর রহমান গাইলেন নজরুলের ‘পরদেশী মেঘ’। গান ছাড়া ছিল একক আবৃত্তি।