বাঁশির ওস্তাদেরা পাচ্ছেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশি নিয়ে কর্মশালার আয়োজন করছে সংস্কৃতি মঞ্চ। আজ শুক্রবার সকাল নয়টা থেকে সারা দিন শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ ভবনের মহড়াকক্ষে এটি অনুষ্ঠিত হবে। এ কর্মশালার এক অংশেই বাংলাদেশের ছয়জন বাঁশির ওস্তাদকে সম্মাননা দেওয়া হবে। তাঁদের মধ্যে ওস্তাদ শামসুল হক ছাড়া বাকি সবাই মরণোত্তর সম্মাননা পাচ্ছেন। তাঁরা হলেন ওস্তাদ আব্দুর রহমান, ওস্তাদ মমতাজ উদ্দিন, ওস্তাদ খবির উদ্দিন, সংগীত পরিচালক ধীর আলী মিয়া ও দেবু ভট্টাচার্য।
বাঁশি কর্মশালায় অংশ নেবেন দেশের বিভিন্ন অংশ থেকে আসা বাঁশিশিল্পীরা। এ কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাঁশি বাংলাদেশের নিজস্ব বাদ্যযন্ত্র। এখানকার লোকজ সংস্কৃতি থেকে এটি এসেছে। তাই বাঁশির মাধ্যমে বাংলাদেশের মৌলিক সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করতেই এ কর্মশালার আয়োজন। কর্মশালার প্রধান অতিথি শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক সংগীতজ্ঞ মোবারক হোসেন খান। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পী তিন মিনিটের করে একটি সুর পরিবেশন করবেন।