বাংলা, তালতন্ত্র ও জ্যাজমিনের ‘বাউল অ্যান্ড বিয়ন্ডস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তনে দর্শক কানায় কানায় পূর্ণ। পর্দার পেছন থেকে তা দেখে অবাক বাংলা ব্যান্ডের আনুশেহ। তিনি বললেন, ‘এত মানুষ হবে, কল্পনাও করিনি। বাউলগান শুনতে সবাই এভাবে জড়ো হয়েছে!’ নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরই একে একে মঞ্চে উঠলেন বাউলশিল্পীরা, বাংলা, ভারতের তালতন্ত্র ও যুক্তরাষ্ট্রের জ্যাজমিন। রোববার সন্ধ্যায় এখানে আয়োজন করা হয় কনসার্ট ‘বাউল অ্যান্ড বিয়ন্ডস’।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে শুরুতেই সমবেত কণ্ঠে ছিল গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। কনসার্টে গাওয়া হয় নানা বিষয়ের ওপর গান। বিষয়গুলো হলো জন্ম, জাত, মনপাখি ও মানুষ। অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক রাহুল আনন্দ প্রশ্ন তুললেন ‘জন্ম’ বিষয়ে। এরপর রব ফকির গাইলেন লালনের গান ‘ভক্তি দাও হে’। গানের ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয়ের ওপর কথা বললেন রাহুল। আর বাউলেরা সেই সেই বিষয়ের ওপর গাইলেন গান। অনুষ্ঠানে বাউলশিল্পীদের মধ্যে ছিলেন শফি মণ্ডল, আলাউদ্দিন বিশ্বাস, কাঙালিনী সুফিয়া ও আনু বাউল। তাঁদের কণ্ঠে ছিল লালনের গান। গানের সঙ্গে ছিল তালতন্ত্র ও জ্যাজমিনের অন্য রকম সংগীতায়োজন। বাংলার আনুশেহ আনাদিল গেয়েছেন লালনের গান। গান করেছেন বিশিষ্ট তবলিয়া তালতন্ত্রের তন্ময় বোসও। কনসার্টের শেষ গান ছিল ‘মিলন হবে কত দিনে’। তখন প্রায় মধ্যরাত। মঞ্চের পেছনে বসে জ্যাজমিনের পাণ্ডু বললেন, ‘ভাবছি এবার জোরেশোরে বাংলাটা শিখতে হবে। পরের বার আমিও মঞ্চে লালনের গান গাইতে চাই।’