বাংলা একাডেমি ও নেপাল একাডেমি পাশাপাশি কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে বাংলা একাডেমি ও নেপাল একাডেমি ভাষা-সাহিত্য-সংস্কৃতি-দর্শন ও সামাজিক বিজ্ঞানবিষয়ক নানামাত্রিক গবেষণা, শিক্ষা ও উন্নয়নে পরস্পর সহযোগিতা করবে। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমির সভাকক্ষে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে বাংলা একাডেমির পক্ষে স্বাক্ষর করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং নেপাল একাডেমির পক্ষে স্বাক্ষর করেন নেপাল একাডেমির চ্যান্সেলর গঙ্গাপ্রসাদ উপ্রেতি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুশীল কুমার লামসাল, নেপাল একাডেমির সদস্য অধ্যাপক জগৎ প্রসাদ উপাধ্যায়, সীতারাম বুধাথকি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, পরিচালক আনোয়ারুল ইসলাম, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে সম্পাদিত সাংস্কৃতিক সমঝোতা স্মারক নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির সঙ্গে নেপালের নামটি বিশেষভাবে যুক্ত হয়ে আছে। কারণ নেপালেই বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সন্ধান পাওয়া গিয়েছিল। ভবিষ্যতে বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও নিবিড় হবে বলে আমরা আশা করি।’
একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘আমরা প্রাচ্যমুখী এশীয় জাগরণের প্রত্যাশী। বিশেষ করে সাংস্কৃতিক সামঞ্জস্যের কারণে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র অনেক বেশি। বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা বয়ে আনবে বলে আমরা আশা করি।’
নেপাল একাডেমির চ্যান্সেলর গঙ্গাপ্রসাদ উপ্রেতি বলেন, ‘আমরা দুই দেশ সুদীর্ঘকাল ধরে ভৌগোলিক দূরত্ব ও রাজনৈতিক ভিন্নতা অতিক্রম করে সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে একসঙ্গে কাজ করে যাচ্ছি। নেপালের জনগণ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর জাতীয় পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশকে পাশে পেয়ে চিরকৃতজ্ঞ। আমরা আশা করি, সমঝোতা স্মারক শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আমাদের হৃদয়ের উষ্ণতায় আবদ্ধ করবে।’