প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে গতকাল সোমবার বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘মধ্যযুগের বাংলায় সাংস্কৃতিক ইতিহাস রচনার সমস্যা’ শীর্ষক একক বক্তৃতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে একক বক্তৃতা দেন ভারতের ইতিহাসবিদ অধ্যাপক গৌতম ভদ্র। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানটি প্রয়াত দার্শনিক সরদার ফজলুল করিমের স্মৃতির উদ্দেশে নিবেদিত হয়।
অধ্যাপক গৌতম ভদ্র বলেন, একটি প্রচলিত ধারণা এই যে, মধ্যযুগ শূন্য বা ঘোর কৃষ্ণ কালপর্ব মাত্র। কিন্তু মধ্যযুগ মোটেও শূন্য সময় নয়; লক্ষণান্ত কাল। সমাজ-ধর্মীয় আচার-কৃত্যের খতিয়ানের মধ্য থেকেও মধ্যযুগের স্বরূপ নির্ণীত হয়। বাংলার বিস্তৃত কৃষিসমাজকে সাংস্কৃতিকভাবে বুঝতে হলে যেমন সমান্তরাল ইতিহাস-সূত্র অন্বেষণ প্রয়োজন, তেমনি ঐতিহাসিক টেক্সটের উপযুক্ত সময় ও প্রেক্ষাপট নির্ধারণও গুরুত্বপূর্ণ।