বাংলা একাডেমিতে চলছে পৌষ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী পর্বে শিশুদের সমবেত পরিবেশনা ছবি সাজিদ হোসেন
উদ্বোধনী পর্বে শিশুদের সমবেত পরিবেশনা ছবি সাজিদ হোসেন

সারা দেশে হাড় কাঁপানো শীত। সে তুলনায় ঢাকায় পৌষ মাসের অমন শীতের দেখা নেই। তা না থাক, মহানগরে পৌষের আয়োজন শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনার সঙ্গেই। বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে পৌষ মেলা।
শুক্রবার সকালে শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর ‘শিউলি ফোটা ভোরে’ গানে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। এরপর ছিল স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের দলীয় পরিবেশনা। তারা পরিবেশন করেন ‘মনে সাধ লয় জাইগো ফিরা আবার গাঁয়ে’ ও ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’। দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, তারা গেয়ে শোনায় ‘আয় ছুটে আয়রে আয় ছুটে আয়রে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...’। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘ফিরে চল ফিরে চল মাটির টানে’,‘এবার ধান কাটিব খচাখচ’।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার সকাল ৮টায়। আইলা জ্বালিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশব্যাপী ধর্মান্ধ-মৌলবাদী গোষ্ঠীর বিস্তার ও প্রসার রোধে ‘সাংস্কৃতিক আন্দোলন’ জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, ‘বাঙালির জীবনে পৌষ মেলার প্রভাব রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক সমাজ গঠনে আমাদের আমাদের আদর্শের লড়াই চালিয়ে যেতে হবে।’
সাংস্কৃতিক উৎসবগুলো শুধু ঢাকাকেন্দ্রিক না হয়ে সারা দেশব্যাপী ছড়িয়ে গেলে তাতে যুবসমাজের সম্পৃক্ততা বাড়বে বলেও মনে করেন তিনি। পৌষ মেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘সংস্কৃতি বাঙালির মেরুদণ্ডের মতো, শক্ত এক ভিতের ওপর দাঁড়িয়ে আছে আমাদের সংস্কৃতি। হাজারো বছরের এই ঐতিহ্যকে তুলে আনতে আমাদের এর পরিচর্যা করতে হবে।’

আইলা জ্বালিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি সাজিদ হোসেন
আইলা জ্বালিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি সাজিদ হোসেন

‘আমরা এই উৎসবের মাধ্যমে প্রমাণ করতে চাই, এই বাংলাদেশ হিন্দু-মুসলমান-খ্রিষ্টান-বৌদ্ধ সকলের। বাংলাদেশকে আমরা সব ধর্মের মানুষের জন্য নিরাপদ এক আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
নজরুল মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন শাহাদাৎ হোসেন, তামান্না তিথি। দলীয় আবৃত্তি পরিবেশনা করে মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র।
একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, বিমান চন্দ্র বিশ্বাস, মামুন জাহিদ খান। আবু বকর সিদ্দিক গেয়ে শোনান ‘আমার হাড় কালা করলাম রে’, ‘আমার গোসাইরে নি দেখছ খেঁজুর গাছতলায়’, বিমান চন্দ্র বিশ্বাস শোনান ‘‘প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া’, মামুন শোনান ‘তোমার ভাবনায় কিছু নাই’।

আনুষ্ঠানিক উদ্বোধনের পরে পৌষমেলা ঘুরে দেখেন অতিথিরা ছবি সাজিদ হোসেন
আনুষ্ঠানিক উদ্বোধনের পরে পৌষমেলা ঘুরে দেখেন অতিথিরা ছবি সাজিদ হোসেন

‘এ মাটি নয় জঙ্গিবাদের’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, ‘পৌষ পিঠা গুঁড়ি কোটা’ গানের সঙ্গে নৃত্যজন, ‘নাও ছাড়িয়া দে, পাল ওড়াইয়া দে’ গানের সঙ্গে ভাবনা সম্মেলক নৃত্য পরিবেশন করে।
বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ছিল দেশীয় পিঠা-পুলির স্টল। এসব স্টলে দেখা মেলে বাংলার ঐতিহ্যবাহী পাটিসাপটা, তালবড়া, বিবিখানা, মেন্ডা, মোরা, ঝিনুক, দুধ চিতই, জামাই পিঠা, বউ পিঠা, ভাপা পিঠা, সিদ্ধপুলি, পাকন, খেজুর পিঠা, মালপোয়াসহ নানা স্বাদের পিঠা। বিকেল ৪টা থেকে শুরু হয় মেলার সাংস্কৃতিক পর্বের দ্বিতীয় আয়োজন।