বাংলা একাডেমিতে জমে উঠেছে পৌষমেলা

নেই নেই করে শীত-বুড়ো জানুয়ারির শুরুতে ভালোই ভেলকি দেখালেন। ঢাকায় শীত পড়া শুরু করেছে। তা ভোরবেলা জানালার কাচের শার্সি ফাঁক করলেই হিমের স্পর্শ পাওয়া যাচ্ছে। সন্ধ্যার পরে শীতের উপস্থিতি বেশ। এমন আবহাওয়ায় দারুণ জমে উঠেছে বাংলা একাডেমি সবুজ চত্বরে আয়োজিত পৌষমেলা। শিল্পীদের গানে, কবিতার উচ্চারণে, পিঠা-পুলির মন মাতাল করা ঘ্রাণ মনে করিয়ে দিয়েছিল গ্রামের সেই ফেলে আসা দিনগুলির কথা।
নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে পড়লেও বাঙালির মন থেকে হারিয়ে যায়নি গ্রামীণ জীবনের স্মৃতিমাখা উত্সবগুলো। তাই, গতকাল শুক্রবার শুরু হওয়া পৌষমেলা শহরবাসীদের আগ্রহের কারণ হয়েছে। শনিবার বিকেল থেকে ভিড় মেলায়।
পৌষমেলা উদ্যাপন পর্ষদের আয়োজন বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান তিন দিনের পৌষ মেলায় ছিল সাংস্কৃতিক পর্ব। নজরুল মঞ্চে শনিবার দ্বিতীয় দিনের আয়োজনের প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী ও সুরবিহার। একক আবৃত্তি করেন রেজীনা ওয়ালী লীনা। দলীয় আবৃত্তি করে ঢাকা স্বরকল্পন। দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য ও নৃত্যালোক। একক গান শোনান দিল আফরোজ রেবা, খগেন্দ্র নাথ সরকার, আরিফ রহমান, জান্নাতুল ফেরদৌস, দিবাকর, মাহজাবিন শাওলী ও নাসিমা শাহিন।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী, গীতি শতদল ও কেন্দ্রীয় খেলাঘর আসর। দলীয় আবৃত্তি করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। একক আবৃত্তি করেন এনামুল হক, মাশকুর-এ-সাত্তার ও তামান্না সারোয়ার। পুথি পাঠ করেন অলোক বসু। দলীয় নৃত্য পরিবেশন করে নটরাজ, নৃত্যাঙ্গন ও বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। একক গান শোনান লিলি ইসলাম, মহাদেব ঘোষ, শহীদ কবির পলাশ, সফিউল আলম, এসএম মেজবাহ ও আবদুল হালিম খান। এছাড়াও এম আর ওয়াসেকের নির্দেশনায় ছিল নৃত্যনাট্য ‘মহুয়া’।
কাল রোববার মেলার শেষ দিনে চলবে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।