
উনিশ বছরের ধারাবাহিকতা ভেঙে এবার রমনার বটমূল থেকে মেলা চলে এসেছে বাংলা একাডেমি চত্বরে। সেখানে শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে তিন দিনের পৌষ মেলা।
গতকাল মঙ্গলবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার নানা প্রস্তুতির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, পৌষ মেলা উদ্যাপন পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সহসভাপতি নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। গোলাম কুদ্দুছ বলেন, ‘বাঙালির আত্মপরিচয়ের মূল ঠিকানা সম্পর্কে জানে না অনেক তরুণ। তারা ভুলতে বসেছে শিকড়ের কথা। দেশেও সংস্কৃতিচর্চাও ক্রমশ ম্রিয়মাণ হয়ে পড়ছে। আমরা এ মেলার মাধ্যমে সংস্কৃতিচর্চাকে জাগিয়ে তুলতে চাই।’ সারা দেশে যখন সাম্প্রদায়িক চেতনা বিস্তৃত হয়েছে, তখন এ মেলাটি লোকজ সংস্কৃতিকে নতুন করে তরুণদের চেনাবে বলে মন্তব্য করেন বাংলা একাডেমির মহাপরিচালক।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, বরাবরের মতো মেলায় দেশজ পণ্যের সমাহার আর লোকজ সংস্কৃতিকে উপস্থাপন করা হবে। গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরে নাগরিক পটভূমিতে মূর্ত করা হবে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যকে।
শুক্রবার সকাল আটটায় বাংলা একাডেমির নজরুল চত্বরে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলায় দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি থাকছে পিঠা-পুলির স্টল। বিচিত্র সাজের, বাহারি গন্ধের পিঠা-পুলি, নলেন গুড় আর খেজুর রসের শিরনি-পায়েস রাঁধতে গ্রামবাংলা থেকে উঠে আসবেন কারিগরেরা।
শেষ হলো শওকত ওসমানের জন্মশতবর্ষ উত্সব
গতকাল মঙ্গলবার ছিল কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মশতবর্ষ উৎসবের দ্বিতীয় ও শেষ দিন। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল বিকেলে ছিল তাঁর ছোটগল্প ‘দুই মুসাফির’ অবলম্বনে মাইনুল শাহিদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফেরা-এর প্রদর্শনী। এ ছাড়া ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ নেন উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমদ, অভিনেতা তবিবুল ইসলাম বাবু এবং শওকত ওসমানের ছেলে জাঁ নেসার ওসমান। সফিউদ্দিন আহমদ বলেন, ‘দেশে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছিল। শওকত ওসমানের রচনা সঠিকভাবে পাঠ করলে এ থেকে উত্তরণের পথ পাওয়া সম্ভব।’ কামাল লোহানী বলেন, ‘তাঁকে কি আমরা যথাযথ মূল্যায়ন করেছি? বাংলা একাডেমিকে শওকত ওসমানের রচনার সংকলন প্রকাশের উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানে ‘হারানো দিনের কথা’, ‘মানুষ ধর মানুষ ভজ’, ‘মন মজাইল ওরে বাউলা গান’সহ বেশ কিছু গান গেয়ে শোনান আনান বাউল ও জাহিদ কামাল। যৌথভাবে শওকত ওসমানের জন্মশতবর্ষ উদ্যাপনের আয়োজন করেছিল কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।