বাংলা একাডেমিতে বৈশাখী মেলা ও বইয়ের আড়ং

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) অন্যান্য বছরের মতো এবারও ১০ দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে। বাংলা একাডেমি ও বিসিকের যৌথ উদ্যোগে হয়েছে এই মেলা। গ্রামবাংলার সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটেছে এই মেলায়। গতকাল শুক্রবার শুরু হওয়া মেলাটি ১০ বৈশাখ পর্যন্ত (২৩ এপ্রিল) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। প্রতি সন্ধ্যায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
একই সঙ্গে বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে একাডেমি প্রকাশিত বইয়ের ‘আড়ং’। বাংলা একাডেমি প্রকাশিত বইগুলো বিভিন্ন ছাড়ে এখানে বিক্রি করা হচ্ছে। মেলার সঙ্গে একই সময়সূচিতে চলবে বইয়ের আড়ং।
শুক্রবার বিকেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার।
নববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে শুক্রবার সকালে একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদ্যাপন উপলক্ষে বর্ষবরণ, একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বাংলা নববর্ষ বিষয়ে একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক অজয় রায়। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণ সংগীত পরিবেশন করেন শিল্পী মহাদেব ঘোষের নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ররিরশ্মি। এ ছাড়া সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, আবু বকর সিদ্দিক, আবদুল হালিম খান, কমলিকা চক্রবর্তী, রুমা নাগ, আনোয়ার হোসেন, পল্লবী সরকার মালতী, ইসরাত জাহান, অমিতাভ মুখোপাধ্যায়।
বারোয়ারি মেলা বলতে যা বোঝায় তার ষোলো আনা আছে এবারের মেলায়। কুটির, হস্ত ও কারুশিল্পীদের হাতে তৈরি বাঁশ ও বেতের পণ্য, মৃৎশিল্প, শখের হাঁড়ি, পট চিত্র, শোলার পণ্য, পিতলের গয়না, দেশি-বিদেশি শো পিস, কাঠের শিল্প, পাটপণ্য, নকশিকাঁথা, মুখোশ, বিছানার চাদর, কুশন কভার, ল্যাম্প, শতরঞ্জি, বাঁশের বাঁশি, গয়না, রকমারি চুড়ি, পুঁতির মালা, ঝিনুকের পণ্য, জামদানি ও তাঁতের শাড়ি ইত্যাদির সমাহার এখানে। মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে আছে নাগরদোলা, ঘোড়ার চরকি, পুতুলনাচ। এ ছাড়া মেলায় আছে নানান রকমের খাদ্যসামগ্রী। মুরালি, মোয়া-মুড়ি, খই, কদমা-বাতাসা, মণ্ডা-মিঠাই, নানান রকমের আচার, ভর্তা, ঘরে তৈরি নানান রকমের খাবার স্থান পেয়েছে মেলায়।