বাংলা একাডেমিতে 'ফোকলোর সামার স্কুল'
বাংলা একাডেমিতে গতকাল সকালে ‘ফোকলোর সামার স্কুল’ শীর্ষক ১০ দিনব্যাপী আন্তর্জাতিক ফোকলোর কর্মশালার শুরু হয়। একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে ফোকলোর সামার স্কুলের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ভারতের মহীশূর রাজ্যের ফোকলোরবিদ অধ্যাপক জওহরলাল হাণ্ডু এবং পশ্চিমবঙ্গের অধ্যাপক সৌমেন সেন। ধারণাপত্র উপস্থাপন করেন ফিরোজ মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ফোকলোর হচ্ছে জাতির আত্মাস্বরূপ। ফোকলোর একই সঙ্গে অতীত-বর্তমান ও ভবিষ্যৎকে ধারণ করে একটি জাতির সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে। গভীরভাবে ফোকলোরের তাত্ত্বিক পাঠ ও মাঠকর্ম অত্যন্ত জরুরি। ফোকলোরকে তাত্ত্বিক ও প্রায়োগিকভাবে বুঝতে ব্যর্থ হলে আমাদের আধুনিক সংস্কৃতিকেও অনুধাবন করা যাবে না।’ বাংলা একাডেমি ফোকলোর চর্চায় সুদীর্ঘকাল ধরে যে বিশেষ ভূমিকা পালন করে আসছে, তা এই সামার স্কুলের মাধ্যমে নতুন গতি লাভ করবে বলে মন্তব্য করেন বক্তারা। ১০ দিনব্যাপী ফোকলোর সামার স্কুলে প্রশিক্ষকসহ মোট ৩৫ জন গবেষক অংশগ্রহণ করছেন।