বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে অধ্যাপক আনিসুজ্জামানের বক্তৃতা ষ প্রথম আলো
বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে অধ্যাপক আনিসুজ্জামানের বক্তৃতা ষ প্রথম আলো

মাতৃভাষা আন্দোলনের গৌরবকে মহত্তম তাৎপর্যে তুলে ধরে বাংলা ভাষার সার্বিক পরিচর্যার মধ্য দিয়ে ঐতিহ্যভিত্তিক একটি নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমি। একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। সেদিন বর্ধমান হাউসের বটতলায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার বাংলা একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। জাতির আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এ প্রতিষ্ঠান নানা চড়াই-উতরাই পেরিয়ে সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে। গতকাল ৩ ডিসেম্বর ছিল এ প্রতিষ্ঠানের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর একক বক্তৃতা দেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
‘ইয়াংকি বণিকদের বঙ্গ বাণিজ্য ও প্রাচ্য চর্চা (১৭৮৫-১৮৩০)’ শীর্ষক বক্তৃতায় অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চায় মার্কিন-বাংলা বণিকদের উদার পৃষ্ঠপোষকতার প্রভাবে আমরা নিউ ইংল্যান্ডে একটি উদারমনা সাংস্কৃতিক গোষ্ঠীর উত্থান দেখতে পাই।’
উল্লেখ্য, ধর্মীয়ভাবে নিউ ইংল্যান্ড ছিল একটি রক্ষণশীল সমাজ। কিন্তু প্রাচ্য সভ্যতার সান্নিধ্যে এসে অনেক ইয়াংকি বণিক ধর্মকে নতুনভাবে বিচার করার প্রয়াস পান। প্রাচ্য-প্রতীচ্যের মিলনে সনাতন সাহিত্য-সংস্কৃতিতে নতুন প্রবাহ সৃষ্টি হোক—এ বাসনা নিয়ে ইয়াংকি বণিকেরা প্রাচ্যচর্চায় উদারভাবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেন। দর্শনচর্চায়ও বঙ্গ-মার্কিন সম্পর্কের প্রভাব কম নয়। তিনি বলেন, বিবেচনাযোগ্য বিষয় এই যে বাণিজ্যিক দিক থেকে মার্কিন-বাংলা সম্পর্ক তাৎপর্যহীন হয়ে পড়লেও সাংস্কৃতিক দিক থেকে তা তেমন স্তিমিত হয়নি কখনো। মার্কিন বঙ্গ-বণিকদের স্থাপিত কলেজ, বিশ্ববিদ্যালয়, জাদুঘর প্রভৃতি প্রতিষ্ঠান এখনো বিদ্যমান এবং বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে পালন করছে শক্তিশালী ভূমিকা। উপনিবেশোত্তর সময়কে বুঝতে হলে এ নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবিদ্যা চর্চার ক্ষেত্রে বাংলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। বাংলা একাডেমি যখন প্রতিষ্ঠিত হয় তখন যে ধারণা ছিল, তার থেকে আমরা অনেক বড় পরিসরে এগিয়েছি। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের ওপর যে গুরুদায়িত্ব বর্তেছে, সে দায়িত্ব পালন করতে হলে আমাদের অনেক দূর যেতে হবে।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাবেয়া বস্রী ও ফারহানা শিরিন।