বাংলা একাডেমির হীরক জয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। বাংলা একাডেমি আজ ৩ ডিসেম্বর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করছে। ছয় দশক পূর্তিতে বাংলা একাডেমি আজ বৃহস্পতি ও পরশু শুক্রবার দুদিনব্যাপী হীরক জয়ন্তী উৎসবের কর্মসূচি গ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লার সমাধিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দুদিনব্যাপী উৎসবের সূচনা হবে। বিকেল সাড়ে তিনটায় একাডেমির রবীন্দ্র চত্বরে রয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।
বিকেল পাঁচটায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হীরক জয়ন্তী স্মারক বক্তৃতানুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। হীরক জয়ন্তী স্মারক বক্তব্য দেবেন ভারতের লেখক ও গবেষক ভি. বি গণেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি বিশিষ্ট নাট্যজন
শাঁওলী মিত্র এবং বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতার সভাপতি বারিদবরণ ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির
সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।