বাংলা একাডেমির হীরক জয়ন্তীর উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী আমাদের মহান ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফসল। জাতির মেধা মননের প্রতীক হিসেবে খ্যাত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মাতৃভাষা আন্দোলনের গৌরবকে ধারণ করে বাংলা ভাষার সার্বিক পরিচর্যার মধ্য দিয়ে ঐতিহ্যভিত্তিক একটি নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমি। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। জাতির আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এ প্রতিষ্ঠান নানা চড়াই-উতরাই পেরিয়ে কাজ করে চলেছে। বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমি কাল ৩ ডিসেম্বর প্রতিষ্ঠার ষাট বছর পূর্ণ করছে। গৌরব ও ঐতিহ্যের ছয় দশক পূর্তিতে বাংলা একাডেমি কাল বৃহস্পতি ও পরশু শুক্রবার দু’দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসবের কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং ভাষাবিজ্ঞানী মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দু’দিনব্যাপী উৎসবের সূচনা হবে। বিকেল সাড়ে ৩টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে বাংলা একাডেমির সদস্য-ফেলো-কবি-লেখক-বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিকেল ৫টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হীরক জয়ন্তী স্মারক বক্তৃতানুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘পুথিস অ্যান্ড দ্য সাভান্টস: ইউ. ডভ. সোয়ামিনাথা লায়ের (তামিল) অ্যান্ড আবদুল করিম সাহিত্য বিশারদ (বেঙ্গলি) ’ শীর্ষক হীরক জয়ন্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন ভারতের চেন্নাইয়ের বিশিষ্ট লেখক ও গবেষক ভি. বি গণেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি বিশিষ্ট নাট্যজন শাঁওলী মিত্র এবং বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা-এর সভাপতি বারিদবরণ ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বিকেল ৫টায় একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে ‘বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি’ শীর্ষক ২৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এ ছাড়া উৎসব উপলক্ষে প্রকাশিত ‘বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। সাংস্কৃতিক পর্বে গান শোনাবেন নজরুল-দৌহিত্রী অনিন্দিতা কাজী, শিল্পী রফিকুল আলম ও অণিমা রায়।