
ফেলো, জীবনসদস্য, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাঙালি জাতিসত্তার প্রতীকী প্রতিষ্ঠান বাংলা একাডেমির ৩৯তম বার্ষিক সভা। গত শনিবার অনুষ্ঠিত এ সভা থেকে বিভিন্ন অঙ্গনের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় বাংলা একাডেমির এ বছরের সম্মানসূচক ফেলোশিপ। সেই সঙ্গে কবিতা, শিশুসাহিত্য এবং কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন লেখককে দেওয়া হয় একাডেমি পরিচালিত তিনটি পুরস্কার। এ ছাড়া সভা থেকে ২০১৫-১৬ সালের একাডেমির বার্ষিক প্রতিবেদন এবং ২০১৬-১৭ সালের বাজেট উপস্থাপন করা হয়।
এবার আইন ও সুশাসন প্রতিষ্ঠানে অবদানের জন্য ফেলোশিপ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তোয়াব খানকে ফেলোশিপ প্রদান করা হয়। শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ফেলোশিপ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বেগম মুশতারী শফী। শিক্ষায় অবদানের জন্য ফেলোশিপ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। সংগীতে অবদানের জন্য কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এবং কৃষি উন্নয়নে অবদানের জন্য শাইখ সিরাজকে দেওয়া হয় ফেলোশিপ।
সভায় বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি আবুবকর সিদ্দিককে প্রদান করা হয় বাংলা একাডেমি পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১৬। শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিশুসাহিত্যিক আখতার হুসেনকে প্রদান করা হয়েছে কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৫। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেনকে প্রদান করা হয় সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৬। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ লাখ টাকা এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা প্রদান করা হয় লেখকদের।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খান।