বাংলা একাডেমীতে ‘এখন রবীন্দ্রনাথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির মননের প্রতীক বাংলা একাডেমীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো একাডেমী আয়োজিত রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপনের কার্যক্রম। বিকেলে একাডেমীর রবীন্দ্র চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘এখন রবীন্দ্রনাথ’ শীর্ষক একক বক্তব্য দেন অধ্যাপক সনৎকুমার সাহা। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন অধ্যাপক কবীর চৌধুরী।কবীর চৌধুরী বলেন, কেবল ভাষা ও সাহিত্যের প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হলেও কালক্রমে নানা কর্মের মাধ্যমে আজ তা দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। স্বাগত ভাষণে একাডেমীর মহাপরিচালক জানান, এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমী বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে। এই আলোচনার মাধ্যমে সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন শুরু হলো। এ মাসেই কবি জীবন ও কর্মের বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ও ইংরেজিতে ৩০টি গ্রন্থ প্রকাশ করা হবে। একাডেমীতে স্থাপন করা হবে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের ভাস্কর্য। এ ছাড়া আগামী বছর অমর একুশে উপলক্ষে মাসব্যাপী সেমিনারেও থাকবে রবীন্দ্রবিষয়ক নানা অনুষঙ্গ। মূল প্রবন্ধে প্রবন্ধকার বলেন, কবিতায়, গানে, নাটকে, গল্পে, মানুষ ও প্রকৃতিকে রবীন্দ্রনাথ নিবিড় ঐক্যে স্থাপন করেছেন। আমাদের সমাজে ওপর থেকে চাপিয়ে দেওয়া যে বৈষম্য, তা দূর করার জন্য প্রয়োজন সংগ্রামের। এ জন্যই রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা একালেও বিশেষভাবেই অনুধাবনযোগ্য। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন ইফ্ফাত আরা দেওয়ান, সাজেদ আকবর, লাইসা ইসলাম, ইয়াকুব আলী খান ও লীনা তাপসী।