বাংলা একাডেমীর ফেলোশিপ পেলেন ১১ বিশিষ্ট ব্যক্তিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিসহ জাতীয় জীবনের বিভন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলা একাডেমী এবার ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানসূচক ফেলোশিপ দিয়েছে। গতকাল শুক্রবার একাডেমীর বার্ষিক সাধারণ সভায় ফেলোশিপ প্রাপ্ত ব্যক্তিদের স্মারক ও সম্মাননা দেওয়া হয়।সকালে একাডেমী প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভায় ফেলো, জীবনসদস্য, সাধারণ সদস্যসহ প্রায় দুই হাজার সদস্য উপস্থিত ছিলেন।একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বাজেট অবহিত করেন সচিব আলতাফ হোসেন। এবারের সভায় ইতিহাস রচনা ও ব্যাখ্যায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বি এম হোসেন ও শাহানারা হোসেন; বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নাটক রচনা ও পরিচালনায় আতিকুল হক চৌধুরী; বাংলা ভাষার বানান ও উচ্চারণে জামিল চৌধুরী; প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে কামাল লোহানী; গ্রুপ থিয়েটার আন্দোলন ও বাংলাদেশের নাট্যচর্চাকে আন্তর্জাতিক নাট্যাঙ্গনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য রামেন্দু মজুমদার; বাংলাদেশের প্রাচীন ভাস্কর্য কলা, ইতিহাস রচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণে এনামুল হক; আলোকচিত্রে বাংলাদেশের ইতিহাস নির্মাণে রশীদ তালুকদার, লোকসংগীতে মুস্তাফা জামান আব্বাসী; লালনসংগীত প্রচার ও প্রসারে ফরিদা পারভীন এবং নৃত্যশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লায়লা হাসানকে বাংলা একাডেমী সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়। কুশলবিনিময়, আলোচনা, মধ্যাহ্নভোজসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনটি কাটান সারা দেশ থেকে আসা অতিথিরা।