বাংলা একাডেমীর মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস প্রণয়ন ও প্রকাশনা উপলক্ষে বাংলা একাডেমী গতকাল সোমবার দিনব্যাপী সেমিনারের আয়োজন করে। একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। দুই পর্বে আয়োজিত সেমিনারের প্রথম পর্বে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক অজয় রায়।প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক প্রাসঙ্গিক তথ্য, দলিল-দস্তাবেজ দিয়ে সহায়তা করার জন্য মুক্তিযোদ্ধা এবং গবেষকদের প্রতি আহ্বান জানান। সভাপতি তাঁর বক্তব্যে সেমিনারে অংশগ্রহণকারী গবেষক, লেখক ও তাত্ত্বিক এবং সর্বোপরি মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস প্রণয়নে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।স্বাগত ভাষণে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের কাঠামো বজায় রেখেই ইতিহাসকে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধে গ্রামবাংলার কৃষক-খেতমজুর এবং ব্রাত্যজনের ভূমিকাই ছিল প্রধান। আশা করি, এ বিষয়টির কথা মনে রেখেই আপনাদের বিজ্ঞ পরামর্শ দিয়ে আমাদের প্রয়াসকে সার্থক করে তুলবেন।’দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেন মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া, শাহরিয়ার কবির, তারেক আলী, মোহাম্মদ খলিলুর রহমান, অধ্যাপক আবুল আহসান চৌধুরী, শান্তনু কায়সার, স্বরোচিষ সরকার, আমিনুর রহমান সুলতান প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন সময় প্রকাশিত মুক্তিযুদ্ধের নানা ইতিহাসে গোষ্ঠীবদ্ধতা, আত্মকেন্দ্রিতা ইত্যাদি লক্ষ করা যায়, যা মুক্তিযুদ্ধের মূল চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিম্নবর্গের মানুষ, এক কোটি শরণার্থী এবং আদিবাসী জনগোষ্ঠীর অবদানের কথা মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাসে সন্নিবেশ করতে হবে।