বাঙালির জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমী। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি গবেষণায় গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার সাফল্যমণ্ডিত ৫৬ বছর পার করে সোমবার পা রেখেছে ৫৭ বছরে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল দিনটি উদ্যাপন করল জাতির মননের প্রতীক প্রতিষ্ঠানটি।সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। বিকেলে ছিল একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।একাডেমীর সেমিনার কক্ষে ‘বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও বাংলাদেশ’ শীর্ষক একক বক্তব্য দেন অধ্যাপক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলা একাডেমীর অর্জন কম নয়। কিন্তু জনগণের চাহিদা মেটাতে একাডেমী সম্পূর্ণ সক্ষম হয়েছে, সেটাও বলা চলে না। অবশ্য এর দায়ভার পুরোপুরি একাডেমীর নয়, কেননা এখনো আমরা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে সক্ষম হইনি। শিক্ষার মাধ্যম হিসেবে বাংলার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা যেমন হয়নি, তেমনি সর্বোচ্চ আদালতে এখন পর্যন্ত আমরা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারিনি।’একক বক্তৃতায় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘একুশের প্রেরণাই বাংলা একাডেমীর জন্মবীজ রচনা করেছে। একাডেমী বৃহত্তর বাঙালির আকাঙ্ক্ষাকে সূচনালগ্ন থেকেই ধারণ করেছে বলেই ক্ষুদ্র পরিসর থেকে আজ এক মহিরুহে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য এই অঞ্চলের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টানসহ ধর্মবর্ণনির্বিশেষে সবার অবদানে সমৃদ্ধ। বাংলা ভাষা তার আদিপর্বে নানা ধর্মের শাস্ত্রবিদ-সমাজপতিদের দ্বারা প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও জ্ঞানপিপাসু ও সাধারণ মানুষের পৃষ্ঠপোষকতায় লালিত ও বর্ধিত হয়েছে। এই সাধারণ মানুষই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে।’স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, বাংলা একাডেমীর ভিত্তি নির্মাণে এ জাতির শ্রেষ্ঠ লেখক-বুদ্ধিজীবীরা সম্পৃক্ত ছিলেন, যার ফলে এই প্রতিষ্ঠান এক অনন্য গবেষণাকেন্দ্রে রূপ নিয়েছে। বর্তমানে একাডেমীর গবেষণা-ঐতিহ্য পুনরুদ্ধার ও শ্রীবৃদ্ধি সাধনের লক্ষ্যে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন সাদি মহম্মদ, শামা রহমান, হায়দার হোসেন, পাগলা বাবলু প্রমুখ।