গতকাল শনিবার সকালে ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে ‘বাংলা কবিতায় নারী জাগরণ: কবি ও কবিতা’ শীর্ষক প্রবন্ধ পড়েন শেলী নাজ। কবি রুবী রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন কাজী রোজী। কবিতা পড়ে শোনান হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা ও শামসুল ফয়েজ। বক্তব্য দেন রাবিয়া সুলতানা।
সভাপতির বক্তব্যে রুবী রহমান বলেন, ‘কর্মজীবনের শুরুতে দেখেছি, নারীরা মাতৃত্বকালীন ছুটি চাইলে পুরুষ সহকর্মীরা সেটাকে ভালোভাবে দেখতেন না। কিন্তু বর্তমানে এই অবস্থার অনেক উন্নতি হয়েছে। একটা সময় এই সমাজে নারীকে নানাভাবে কোণঠাসা করে রাখা হতো। এখন পুরুষেরা নারীর প্রতি অনেক সংবেদনশীল।’
অনুষ্ঠানে আরও কবিতা পাঠ করেন কবি আফরোজা অদিতি, কাজী তাহমিনা, জাহানারা জামান, জুনান নাশিত, তিথি আফরোজ, নভেরা হোসেন, নূর কামরুন্নাহার, পারভিন আক্তার, মরিয়ম বেগম, রাফেয়া আবেদীন, রোকেয়া খাতুন, লিলি হক, শান্তা মারিয়া, শামীমা চৌধুরী, শাহনাজ নাসরীন, সাকিরা পারভিন, সায়মা হাবীব ও সুলতানা শাহরিয়া। অনুষ্ঠানটির আয়োজন করে গণমাধ্যম সংস্থা ঘাসফুল।