বাংলা গান শোনার অনুরোধ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় আজ সন্ধ্যায় দেখানো হবে ‘ফাহমিদা নবী স্পেশাল’। এ ছাড়া নববর্ষ উপলক্ষে লেজার ভিশন থেকে এসেছে ফাহমিদার নতুন অ্যালবাম ‘তবু বৃষ্টি চাই’। কথা হলো তাঁর সঙ্গে।‘তবু বৃষ্টি চাই’ আপনার কততম অ্যালবাম?দশম অ্যালবাম। প্রথমটি বেরিয়েছিল ১৯৮৯ সালে। এরপর দ্বিতীয়টি ২০০৩ সালে। মাঝের ওই সময়টাতে গান নিয়ে বেশ অস্থিরতা চলছিল। হিন্দি গানের প্রভাবে যে ধরনের গান হচ্ছিল, আমি তা মেনে নিতে পারিনি। এরপর কয়েকজন তরুণের সঙ্গে পরিচয় হয়। তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ন্যাপিন। এখান থেকে আমার অ্যালবাম বের হয়। সে সময় দুপুরের একলা পাখি অ্যালবামটি আমার সংগীতজীবনের মোড় ঘুরিয়ে দেয়। আপনার নতুন অ্যালবামটি নিয়ে কিছু বলুন।তবু বৃষ্টি চাই অ্যালবামের সাতটি গানের কথা লিখেছেন এবং সব কটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রুমী রহমান। একটির কথা লিখেছেন তাজিন আহমেদ। রুমীর সঙ্গে এর আগে মিক্সড অ্যালবামে কাজ করেছি। নাটকেও গান গেয়েছি। এবারই ও কোনো একক শিল্পীর অ্যালবাম করেছে। আর আমিও নতুনদের সঙ্গে কাজ করার ব্যাপারে বেশি আগ্রহী। তাদের গানের কথা আর সুরে নতুনত্ব খুঁজে পাই।একুশে টিভিতে ‘ফাহমিদা নবী স্পেশাল’ অনুষ্ঠানটি দেখানো হবে।একুশে টিভির বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে। এখানে আমি চারটি গান গেয়েছি—‘মনচুরি’, ‘আমি আকাশ হব’, ‘এই জনমে’ ও ‘যে দিল হায় দুঃখ আমায়’। এ ছাড়া আমার নিজের কিছু কথা থাকবে। কথাগুলো কী প্রসঙ্গ নিয়ে?বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলা গান শুনুন। তাহলেই ভালো ভালো বাংলা গান তৈরি হবে। গীতিকার, সুরকার ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এ ধরনের গানের অ্যালবাম তৈরিতে উদ্বুদ্ধ হবে। দোকানে, মার্কেটে, শপিং মলে—যেখানে লোকসমাগম হয়, সেখানে যেন হিন্দি গানের পরিবর্তে বাংলাদেশের বাংলা গান শোনানো হয়। তাহলেই শ্রোতাদের ভালো বাংলা গান শোনার আগ্রহ তৈরি হবে। বাংলা গান ফিরে পাবে তার পুরোনো ঐতিহ্য।