বাংলা ছবিতে রানী-বিপাশাদের অবদানটা কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋতুপর্ণা সেনগুপ্তা।
ঋতুপর্ণা সেনগুপ্তা।

প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হওয়ায় যারপরনাই ক্ষুব্ধ ঋতুপর্ণা সেনগুপ্তা। তাঁর অভিযোগ, টানা দুই দশক দোর্দণ্ড প্রতাপে অভিনয় করার পরও ভারতের চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন মহল তাঁকে যথার্থ মূল্যায়ন করেনি।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে এ ব্যাপারে তিনি খোলাখুলিভাবে ক্ষোভ ঝাড়েন। সম্প্রতি ‘অলীক সুখ’ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ারে (পূর্ব) সমালোচক পছন্দে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এরপর  টাইমস অব ইন্ডিয়া সাক্ষাত্কারটি নেয়।
সর্বশেষ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘পঞ্চকন্যা’ শিরোনামে পাঁচ বাঙালি অভিনেত্রী—সুস্মিতা সেন, রানী মুখার্জি, বিপাশা বসু, মৌসুমী চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিককে একমঞ্চে বিশেষ সম্মাননা জানানো হয়। এই ‘পঞ্চকন্যা’র একজন না হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন ঋতুপর্ণা। তিনি বলেন, ‘আমি জানি না কেন আয়োজকেরা দেবশ্রী রায় বা আমাকে এই সম্মাননার জন্য যোগ্য মনে করলেন না। সম্মাননাটা কারা পেলেন? রানী মুখার্জি-বিপাশা বসুরা। তাঁরা কলকাতার চলচ্চিত্রশিল্পের জন্য কী করেছেন? আমরা বাংলা চলচ্চিত্র শিল্পকে বিশ্ব মানচিত্রে ঠাঁই দিয়েছি। আমি জানতে চাই, কিসের ভিত্তিতে এই পঞ্চকন্যা নির্বাচন করা হয়েছে? আমার কোনো কাকা, মামা বা দাদা নেই। বহু সংগ্রাম করে নিজের অবস্থান তৈরি করেছি, জাতীয় পুরস্কার পেয়েছি।’
‘পারাপার’ ছবিতে কাজ করার সময় ঋতুপর্ণাকে নিয়ে আরেক বাঙালি অভিনেত্রী পাওলি দাম বেশ আপত্তিকর কথা বলেছিলেন। প্রসঙ্গটি তুলতেই তিনি বললেন, ‘আমি সব সময় আমার সহ-অভিনেতা-অভিনেত্রীদের উত্সাহ দিই। কেউ ভাব দেখালেও আমি আমার অবস্থান বদলাই না। তিনি যদি আমাকে উপেক্ষা করতে চান, সেটা তাঁর সমস্যা। আমি আগে পাওলির সঙ্গে কাজ করিনি, আর তাঁকে আমি ভালো করে চিনতামও না। আমি সব সময়ই তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেছি।’ 

ঋতুপর্ণা বলেন, ‘এখন তিনটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেই কেউ কেউ মঞ্চে ডাক পান। তাঁরাই সেখানে থাক। তাঁরাই ভবিষ্যত্। এটা নিয়ে দুঃখ নেই। তবে শাহরুখ খান বা মিঠুন চক্রবর্তীকে যদি শুধু একটি চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়, তাঁরা আসবেন? এখানকার চলচ্চিত্রশিল্পের জন্য মিঠুন দার যতখানি অবদান, তার অন্তত এক-চতুর্থাংশ অবদান আমারও আছে। আমার সঙ্গে কীভাবে তাঁরা এমনটা করে?’

কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ না দেওয়ার প্রসঙ্গ তুললে ঋতুপর্ণা বলেন, ‘এই ফেস্টিভালে যাওয়ার একটি আমন্ত্রণ পেয়েছিলাম। শুধু আমার লেটার বক্সে একটি চিঠি পাঠিয়ে এমন আমন্ত্রণ জানানো যথেষ্ট নয়। একজন নবাগতও আমন্ত্রণ পায়। কেউ আমাকে ফোন করেনি, কোনো দায়িত্বও দেয়নি। মুম্বাইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি কমল হাসানের সঙ্গে যোগ দিয়েছিলাম; সেখানে তিনি আমাকে টালিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অথচ কলকাতার এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে মঞ্চে ওঠার কথা আমাকে কেউ বলেনি। আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করেছি। এমন একটি অনুষ্ঠানে আমি নিজেকে দর্শক সারিতে দেখতে চাইনি। তাই আমি যাইনি। মানুষ ভুলে গেছে, টালিউড আমারও।’

বেশ কয়েক বছর ধরে টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন না ঋতুপর্ণা। বললেন, ‘আমি অনেকদিন ধরেই বলছি, আমাদের আর একসঙ্গে কাজ করার কোনো সম্ভাবনা নেই। কেন করব না, সেটা না হয় রহস্যই থাক।’

কলকাতার অনেক অভিনেতা-অভিনেত্রীই নির্বাচন করেছেন। এবারের লোকসভা নির্বাচনেও অনেকে প্রার্থী হয়েছেন। নির্বাচন নিয়ে ভাবনা জানতে চাইলে ঋতুপর্ণা জানান, বিজেপির পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আরও বললেন, ‘আমি অরাজনৈতিক ব্যক্তি। আমাকে নিয়ে যেসব রাজনীতি হয়, সেগুলোই আমি সামাল দিতে পারি না। একটা দেশের রাজনীতি সামাল দেব কীভাবে? আমার যা নাম-সুনাম আছে তা নিয়েই আমি সুখী। আর পাওয়ার লোভ আমার নেই। রাজনীতির ময়দানে আমি যথার্থ মানুষ নই।’