বাংলা ছবির বাজার নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম ঘোষ
গৌতম ঘোষ

বাংলা ছবির সংক্ষিপ্ত বাজার নিয়ে উদ্বিগ্ন পরিচালক গৌতম ঘোষ। তিনি মনে করেন এই উপমহাদেশের হিন্দি ও অন্যান্য ভাষার ছবি যেভাবে ব্যবসা করছে, বাংলা ছবির ক্ষেত্রে চিত্রটি ঠিক উল্টো। এর বাজারকে বড় করতে না পারলে এই শিল্প ঝুঁকির মুখে পড়বে। সেটা বাংলা সিনেমা শিল্পের জন্য ভালো কিছু হবে না।
কিছুদিন আগে যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’ মুক্তির তারিখ জানাতে ঢাকায় এসেছিলেন পরিচালক গৌতম ঘোষ। এ সময় ছবি সংক্রান্ত নানা আলাপে প্রথম আলোকে তিনি এসব কথা বলেন। গৌতম ঘোষ বলেন, ‘আমরা বাজারকে বড় করতে ব্যর্থ হয়েছি। বাজারকে প্রসারিত করার লক্ষ্যেই যৌথ প্রযোজনায় ছবি করা। বিশ্বজুড়ে বহু বাঙালি আছে, আমরা তাঁদের কাছে আমাদের ছবিকে নিয়ে যেতে পারিনি। অন্যদিকে তামিল, তেলেগু ছবিগুলোর দিকে তাকালে দেখা যায়, যেদিন চেন্নাই, হায়দ্রাবাদে সেগুলো মুক্তি পায়, একই দিনে ছবিগুলো যুক্তরাষ্ট্রেও মুক্তি পায়। কারণ তাঁরা নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে। এমনকি মারাঠি ছবিও ওখানে চলছে।’

গৌতম ঘোষ বলেন, ‘আমাদের ছবির ব্যবসায়ী ও নির্মাতাদের ভাবতে হবে যে, বাজার বাড়াতে না পারলে লগ্নি ফেরত আসবে না। কিছু লগ্নি আছে সেগুলো চোরাইপথে আসে। তাঁদের কত টাকা এল-গেল—সেটা ব্যাপার না। সিনেমায় চিরকালই এসব ছিল। ছবিতে বিনিয়োগ করতে হলে বাজারকে বড় করতে হবে। তখনই পায়ের তলার জমি শক্ত হবে, নতুন প্রজন্ম নির্বিঘ্নে ভালো ছবি করতে পারবে।’
উৎসবে দেখানোর জন্য ছবি করার ব্যাপারেও খানিকটা বিরক্তি প্রকাশ করেন পরিচালক গৌতম ঘোষ। তাঁর মতে, উৎ​সবে দেখানোর জন্য ছবি বানালে শিল্পের কোনো উন্নতি হবে না। তিনি বলেন, ‘ফেস্টিভ্যাল সার্কিট, প্রপার সিনেমা সার্কিট নয়। সব ছবিই উৎ​সবে যাবে, সেটা বাড়তি পাওনা। উৎ​সবে ছবি গেলে নাম হবে, তাতে চলচ্চিত্র শিল্পের কোনো উন্নতি হবে না।’ তিনি বিশেষ ভাবে বাংলা ছবির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
আসছে পয়লা বৈশাখ মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার নতুন ছবি ‘শঙ্খচিল’। এতে অভিনয় করেছেন কলকাতার প্রসেনজিৎ ও বাংলাদেশের কুসুম শিকদার। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান চিত্র পরিচালক গৌতম ঘোষ।