বাংলা নাটক করবে বিশ্ব জয়
কিছু কিছু দুঃখ আছে, যে দুঃখগুলোকে ভুলে যাওয়াটাই বড় দুঃখ। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় সেই ‘দুঃখ জাগানিয়া’ নন্দিনীকে গতকাল দেখা গেল জাতীয় নাট্যশালায়। নাগরিক নাট্য সম্প্রদায়ের দর্শকপ্রিয় প্রযোজনা রক্তকরবী মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। ‘বাংলা নাটক করবে বিশ্ব ভ্রমণ’ স্লোগান নিয়ে আয়োজিত উৎসবের শুরুতে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন সারা যাকের ও ঢাকা জেলার প্রশাসক মোহিবুল হক। সভাপতিত্ব করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। শিল্পকলা একাডেমীর সহায়তায় এই উৎসবের আয়োজন করেছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণার আগে নাট্যশালায় ছিল ব্রতচারী নৃত্যর পরিবেশনা। ছিল বিভিন্ন নাট্যদলের অংশগ্রহণে কোলাজ নাট্য প্রদর্শনী।মিলনায়তনভর্তি দর্শকের উপস্থিতিতে রক্তকরবী নাটকটি শুরু হয় রাত আটটায়। এ নাটকের গল্প যে নগরকে আশ্রয় করে আছে, তার নাম ‘যক্ষপুরী’। এখানকার শ্রমিক দল মাটির তলা থেকে সোনা তোলে। শুরুতেই দেখা যায় শ্রমিকেরা কাজ করছে যক্ষপুরীতে। এর পরই দেখা যায় কিশোর আর নন্দিনীর কথোপকথন। যক্ষপুরীতে সৃষ্টির নিয়ম অপ্রতিহত। সর্বক্ষণ প্রশাসনিক খড়্গ উদ্যত। রাজার সাধনা একমাত্র শক্তির লক্ষ্যে নিবদ্ধ বলেই সবাই আনন্দবঞ্চিত। অন্যদিকে নন্দিনী সবাইকে তার মায়ার বন্ধনে বেঁধে রাখে। শ্রমজীবী বিশু, ফাগুলাল ও কিশোরদের অনুপ্রেরণার উৎস এই নন্দিনী। মহাশক্তিধর নিষ্ঠুর রাজাও নন্দিনীকে পছন্দ করে। নন্দিনী তার আচার-আচরণে সবার চিত্ত জয় করেই হয়েছে শত্রু-মিত্র সবার হূদয়-রঞ্জিনী। নাটক পরিণত হয় এভাবেই। গতকাল পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় থিয়েটার আরামবাগের নাটক জন্মসূত্র। উৎসবের দ্বিতীয় দিনে আজ শনিবার জাতীয় নাট্যশালায় কথাকলি (সিলেট) মঞ্চস্থ করবে রাজা ইদিপাস এবং পরীক্ষণ থিয়েটার হলে সুবচন নাট্য সংসদ মঞ্চস্থ করবে মহাজনের নাও।