বাংলা নাট্যে গুরুত্বপূর্ণ সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি ও রবীন্দ্রনাথ নাটকের একটি দৃশ্য
আমি ও রবীন্দ্রনাথ নাটকের একটি দৃশ্য

নাটক শেষে দর্শক সারি থেকে উঠে আসা এক দর্শকের মন্তব্য দিয়ে শুরু করি। তিনি স্বপ্রণোদিত হয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে বললেন তিনি একজন লেখক, তাঁর কাছে নাটকটি এত ভালো লেগেছে যে, এর পরে এই নাটকের যতগুলো প্রদর্শনী হবে, তিনি সবগুলি প্রদর্শনী দেখতে আসবেন। তাঁর এই সরল অনুভূতি থেকে সহজেই অনুমান করে নেওয়া যায় প্রাঙ্গণেমোরের আমি ও রবীন্দ্রনাথ নাটকটা দর্শককে কতটা আপ্লুত করেছে।
১২ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে নাটকটার দ্বিতীয় প্রদর্শনী হলো। নাটকটা দেখে আমি কেবল মুগ্ধই হইনি, উপরন্তু আশ্বস্ত হয়েছি এই কারণে যে নাটকটা আমাদের সাহিত্যমুখী করে তুলবে। একটু ব্যাখ্যা করে বলি; ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু জনপ্রিয় লেখকের কিছু জনপ্রিয় উপন্যাস পাঠ করে সাহিত্যপাঠের দায় সারছেন সমাজের একটা বড় অংশ। কিন্তু যে সাহিত্য মানবিক হতে শেখায়, ব্যক্তিমানস গঠন করে, তৈরি করে জাতীয় রুচি, শাণিত করে মেধা মনন ও বোধ, সেই সব সাহিত্যপাঠে আমাদের অনীহা। প্রাঙ্গণেমোরের আমি ও রবীন্দ্রনাথ আমাদের টেনে নিয়ে যায় সেই দিকে, যেদিকে রবীন্দ্র সাহিত্যের বিশাল ভান্ডারের ঠিকানা। আমাদের মনে ও মননে রবীন্দ্রনাথের সাহিত্য সাগরে ডুব দেওয়ার নেশা ধরায়। এই কৃতিত্বের সিংহভাগ যার প্রাপ্য, তিনি নূনা আফরোজ। তিনটি কারণে আমার কাছ থেকে তাঁর অভিনন্দন প্রাপ্য; প্রথমটি তাঁর রচনার জন্য, দ্বিতীয়ত তিনি এর নির্দেশক আর তৃতীয়ত তিনি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চমৎকার অভিনয় করেছেন।
নূনা আফরোজের ভাষ্যে আমি ও রবীন্দ্রনাথ–এর গল্পটা একটু জেনে নিই; অথৈ একদিন তার বন্ধুর সঙ্গে শিলাইদহের কুঠিবাড়িতে বেড়াতে যায়। অথৈ একাই দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। হঠাৎ অথৈয়ের সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অথৈকে কুঠিবাড়ি ঘুরিয়ে দেখার আমন্ত্রণ জানান। এই ঘুরিয়ে দেখানোর নানান স্তরে অথৈয়ের সামনে পরপর হাজির হন ২৯, ৬৯, ২১ ও ৮০ বছর বয়সের রবীন্দ্রনাথ। এই চার বয়সের রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথা হয় সেই সময়ের রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন আর তাঁর সৃজনশীলতা নিয়ে। রবীন্দ্রনাথের প্রতিটি বয়সের সঙ্গে অথৈও বদলে যেতে থাকে ভিন্ন ভিন্ন চরিত্র ও বয়সে।
রবীন্দ্রনাথের এই চারটি বয়স নির্বাচনের যে তাৎপর্য, তাও খুব নিখুঁতভাবে উপস্থাপন করেছেন নূনা আফরোজ। ২১ বছরের রবীন্দ্রনাথকে পেয়ে অথৈ হয়ে গেছে বিসর্জন–এর অপর্ণা আর রবীন্দ্রনাথকে বানিয়েছেন তার জয়সিংহ। ৬৯–এর রবীন্দ্রনাথকে অথৈ হিংসে করেছে আর্জেন্টাইন ভিক্টরিয়া ওকাম্পোর প্রতি তার বিশেষ নমনীয়তার কারণে। এসেছে ন’হন্যেতের কথা, কাদম্বরী দেবীও এসেছেন আলাপচারিতায়। ২৯–এর রবীন্দ্রনাথের পুরোটা জুড়েই ছিলেন কাদম্বরী দেবী। আর মৃত্যুর অব্যবহিত আগের অশীতিপর রবীন্দ্রনাথের মুখে ‘মরণরে তুঁহি মম শ্যাম সমান’ যে এক অমোঘ বাণীর মতো কানে বেজেছে।
নানা বয়সের রবীন্দ্রনাথের জীবন ও লেখার নানা অংশ তুলে ধরে নূনা আফরোজ ভীষণ দক্ষতার সঙ্গে সমগ্র রবীন্দ্রনাথের একটা ছবি এঁকেছেন আমাদের সামনে। রবীন্দ্রনাথকে আরও ভালোভাবে চেনার আগ্রহ জন্মিয়েছেন তিনি আমাদের মনে। চার বয়সের রবীন্দ্রনাথের রূপসজ্জা অত্যন্ত সুচারুরূপে করেছেন খলিলুর রহমান এবং জনি সেন। অনন্ত হিরার অভিনয়ের আমি একজন গুণমুগ্ধ ভক্ত, ৬৯–এর রবীন্দ্রনাথকে তিনি যথার্থভাবে তুলে এনেছেন তার অবয়বে, অভিব্যক্তিতে। সফল অভিনয় করেছেন আউয়াল রেজা অশীতিপর রবীন্দ্রনাথের ভূমিকায়। অনেক দিন পরে আউয়ালকে মঞ্চে দেখলাম এবং মুগ্ধ হলাম। সদ্য কৈশোর পেরোনো রবীন্দ্রনাথের ভূমিকাটা নিয়েছিলেন রামিজ রাজু। রামিজ রাজুর অভিনয়ের একটা প্রকৃতি প্রদত্ত ক্ষমতা আছে। সে ক্ষমতাকে তিনি পুরোপুরি কাজে লাগিয়ে কাদম্বরী দেবীর সঙ্গে অলিখিত প্রণয়ের খেলা খেলেছেন অনায়াসে। নাটকের জন্য তৈরি মঞ্চসজ্জা যেন একেবারেই মানানসই নয় বলে মনে হয়েছে। কুঠিবাড়ির কোনো তাৎপর্যপূর্ণ স্মারক থাকতে পারতো আর ছবির ফ্রেমগুলো হতে পারতো আরও রাজকীয়। বাংলা নাট্যে এইরকম একটা গুরুত্বপূর্ণ নাটক সংযোজনের জন্য প্রাঙ্গণেমোরকে আমার অভিনন্দন।