বাংলা প্রমিত ব্যাকরণের কাজ সম্পন্ন
প্রথমবারের মতো বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রমিত ব্যাকরণ প্রকাশ করতে যাচ্ছে বাংলা একাডেমী। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ব্যাকরণ বিশেষজ্ঞদের নিয়ে এই ব্যাকরণ বই প্রণয়ন করা হচ্ছে। ইতিমধ্যেই বইটির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ ছাড়া বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধি এবং এর ধারাবাহিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে একাডেমীর একাধিক কর্মসূচির কাজ চলছে। এসবের মধ্যে ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ অন্যতম। আরও আছে ‘বাংলা ও বাঙালির ইতিহাস রচনা’ ও ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ নামের দুটি কর্মসূচি। একাডেমী সূত্রে জানা গেছে, ২০০৯ সালের প্রথম থেকে প্রমিত ব্যাকরণ প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ জন্য মোট ৬৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। প্রায় এক হাজার পৃষ্ঠার দুই খণ্ডের এই প্রমিত ব্যাকরণ গ্রন্থটি আগামী ডিসেম্বরে বাজারে আসবে। এ ছাড়া প্রায় সাড়ে তিন শ পৃষ্ঠার এর একটি সহজপাঠ্য সংস্করণও বের করা হবে। প্রমিত ব্যাকরণ বইয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান ও কলকাতা বাংলা একাডেমীর সভাপতি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সম্পাদকের দায়িত্ব পালন করছেন অধ্যাপক রফিকুল ইসলাম ও পশ্চিমবঙ্গের পবিত্র সরকার। সহসম্পাদকের দায়িত্বে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের শিক্ষক স্বরোচিস সরকার। এ ছাড়া দুই বাংলার ২৬ জন ব্যাকরণ চিন্তক এ কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন।প্রমিত ব্যাকরণ কর্মসূচি সম্পর্কে অধ্যাপক আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রকৃতই বাংলা ভাষার ওপর ভিত্তি করে করা কোনো বাংলা ব্যাকরণ এত দিন ছিল না। এই প্রথম আমরা এটা করলাম। একটা ভাষার জন্য এটা খুব জরুরি। এ কর্মসূচির আরেকটা তাৎপর্য হলো, এই প্রথম দুই বাংলার ভাষাবিদ ও ব্যাকরণবিদেরা মিলে এমন একটা কাজ করলেন। ফলে দুই বাংলায়ই এটা গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করা যায়। তার পরও বইটি প্রকাশের পর হয়তো কিছু বিতর্ক হবে। সেসব পরবর্তী সংস্করণে ঠিক করে নিতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।’ বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘এখন পর্যন্ত প্রমিত বাংলা ভাষার কোনো পূর্ণাঙ্গ ব্যাকরণ বই নেই। এখন বাংলা ব্যাকরণের যেসব বই আছে, তা রচিত হয়েছে সংস্কৃত ভাষার ওপর ভিত্তি করে। এই প্রথম বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ ব্যাকরণ বই করার কর্মসূচি প্রায় সম্পন্ন করেছে। তবে বাইটির নাম এখনো চূড়ান্ত হয়নি। আশা করা হচ্ছে, ডিসেম্বরে বইটি প্রকাশিত হবে।’বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান: বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রকাশ কর্মসূচির কাজ শুরু হয়েছে ২০১০ সালের জুলাইয়ের শেষ দিকে। এ কর্মসূচিতে ব্যয় হবে তিন কোটি ৬৫ লাখ টাকা। অধ্যাপক গোলাম মুর্শিদের তত্ত্বাবধানে ১২ জন গবেষক এই অভিধান প্রণয়নে কাজ করছেন। এতে প্রায় দুই লাখ শব্দ অন্তর্ভুক্ত হবে। ঐতিহাসিক, রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক, প্রাযুক্তিক এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের সংযোগের ফলে বাংলা ভাষায় অনেক রূপান্তরমূলক পরিবর্তন ঘটেছে। সময়ের সঙ্গে অনেক শব্দ বর্জিত হয়েছে। কোনোটির অর্থের সংকোচন, সম্প্রসারণ বা পরিবর্তন ঘটেছে। বহু শব্দ লাভ করেছে নতুন ব্যঞ্জনা। তাই ভাষার যথাযথ ইতিহাস জানার জন্য এই বিবর্তনমূলক অভিধান প্রকাশ করা হচ্ছে। এ অভিধানের মাধ্যমে জানা যাবে, বাংলা ভাষায় কোন শব্দ কত সালে অন্তর্ভুক্ত হয়েছে। শুরুতে একটা শব্দ কী অর্থ বহন করত এবং নানা রকম বিবর্তনের মাধ্যমে এখন কী অর্থ বহন করছে।শামসুজ্জামান খান বলেন, ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষায় এ ধরনের অভিধান থাকলেও দুই বাংলার কোথাও এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিধান নেই। ২০১২ সালের শেষ দিকে এই অভিধানটি প্রকাশিত হবে। লোকজ সংস্কৃতির বিকাশ: বাংলা একাডেমীর চলমান কর্মসূচির মধ্যে আরও একটি প্রধান কর্মসূচি হলো, লোকজ সংস্কৃতির উপাদান সংগ্রহ ও সংরক্ষণ। কাজ শুরু হয়েছে ২০১০ সালের জুলাই মাসে। এতে ব্যয় হবে তিন কোটি ৬৫ লাখ টাকা।