বাংলাদেশ ও ভারতের তারকাদের নিয়ে প্রীতি ক্রিকেট
ঢাকায় প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র, টিভি ও সংগীত তারকারা। আগামী জুন অথবা জুলাই মাস নাগাদ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের নেতৃত্ব দেবেন নোবেল, আর ভারতের সুনিল শেঠি। আগামী অক্টোবরে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এখানে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চলচ্চিত্র, টিভি ও সংগীত তারকারা। এর আগে বাংলাদেশ ও ভারতীয় দলের প্রস্তুতি হিসেবে ঢাকায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের নাম ‘ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট ক্লাব’। এই দলের হয়ে এখন প্রায় প্রতিদিন অনুশীলন করছেন নোবেল, আসিফ, শুভ্র দেব, গিয়াসউদ্দিন সেলিম, শাকিব খান, আমিন খান, আরমান পারভেজ, মীর সাব্বির, নিরব, আরফিন রুমী, হিল্লোল, মিলন, নিশো, তাহসান, সম্রাট, তানভীর, শান, ইমরান, বাবু, ডন প্রমুখ। গুলশান ইয়ুথ ক্লাব মাঠ ও আবাহনী ক্লাব মাঠে এই তারকাদের প্রশিক্ষণ দিচ্ছেন কোচ ওসমান খান। দলের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন নাদের চৌধুরী। নোবেল বলেন, ‘শিগগিরই আমাদের মূল দলটি চূড়ান্ত করা হবে।’এদিকে ভারতীয় দলে থাকছেন সুনিল শেঠি, সালমান খান, সোহেল খান, আফতাব, রিতেশ দেশমুখ, জিৎসহ আরও অনেকে।