বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ অ্যালবামে বাপ্পা ও কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ অ্যালবামে গান করেছেন বাপ্পা মজুমদার ও কণা। এখানে তাঁরা প্রত্যেকেই পাঁচটি করে মোট ১০টি একক গান গেয়েছেন। রয়েছে দ্বৈত ও চার শিল্পীর কণ্ঠের গান। কণার সঙ্গে দ্বৈত কণ্ঠের গান গেয়েছেন বাপ্পা মজুমদার ও অ্যাশলা ফার্নান্দো। আর চার শিল্পীর গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার, কণা, অ্যাশলা ফার্নান্দো ও আইরাজ উইরারাথনে। মোট গানের সংখ্যা ১৫টি। বাংলা ভাষায় গানগুলো লিখেছেন সাহান। রয়েছে সিংহলি ভাষার গানও। এখানে যন্ত্রশিল্পী হিসেবে কাজ করেছেন শ্রীলঙ্কার রওশান ফার্নান্দো, সামপাথ ফার্নান্দো, রাঙা দাসানায়াকে, প্রিহান মাধাপ্পুলি। অ্যালবামের নাম র‌্যাভেল এশিয়া। শ্রীলঙ্কার মহারাজা এন্টারটেইনমেন্ট প্রা. লিমিটেড (এমইপিএল) প্রযোজিত অ্যালবামটি অক্টোবরের শেষ সপ্তাহে একই সঙ্গে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মালয়েশিয়ায় মুক্তি দেওয়া হবে।এ উপলক্ষে গত সোমবার রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে এমইপিএল। এখানে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, কণা, অ্যালবামটির সমন্বয়ক সিলভারিন ডি সিলভা, ব্যবস্থাপক (বাংলাদেশ) খন্দকার হাফিজুর রাহিম ও সাহান।সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে এমইপিএল মালদ্বীপ ও মালয়েশিয়ার শিল্পীদের নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ উদ্যোগে গানের অ্যালবাম প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের গানের এ উদ্যোগ নেওয়া হয়। ৪ জুলাই থেকে ১০ দিন শ্রীলঙ্কার ইলনয়েজ রেকর্ডস স্টুডিওতে গানগুলো ধারণ করা হয়। এখন চলছে মিউজিক ভিডিও তৈরির কাজ।