বাংলাদেশ গেমসে ইবরার টিপুর থিম সং
বাংলাদেশ গেমস শুরু হচ্ছে ২০ এপ্রিল। এবার বাংলাদেশ গেমসের থিম সংয়ের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। ‘খেলার মাঠে হবে আজ বন্ধুত্বের সোপান/ একে অপরের জন্য গাইব জয়গান’ গানটি লিখেছেন আনিস-উল-আলম। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, শাকিলা জাফর, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও কনা। এশিয়াটিকের তত্ত্বাবধানে গতকাল শনিবার গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ শুরু হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলে তা প্রচারিত হবে ১৫ এপ্রিল থেকে। ইবরার টিপু বলেন, ‘এর আগে আমি আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর স্বাগত সংগীতের সুর ও সংগীত পরিচালনা করেছিলাম। এবার আরেকটি উল্লেখযোগ্য গেমসের থিম সংয়ের সুর ও সংগীত পরিচালনা করার দায়িত্ব পেয়ে ভালোই লেগেছে। বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এই প্রজন্মের শিল্পীরা। আর এবার গেয়েছেন দেশের জ্যেষ্ঠ শিল্পীদের পাশাপাশি এই প্রজন্মের শিল্পীরাও। অন্য রকম অনুভূতি হলো এবার।’