বাংলাদেশ গেমসের উদ্বোধনীতে ‘তারার মেলা’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ গেমস। এটি বাংলাদেশ গেমসের অষ্টম আসর। এবারের আসরে বসতে যাচ্ছে ‘তারার মেলা’। আজ উদ্বোধনী অনুষ্ঠানের জাতীয় সংগীতে কণ্ঠ দেবেন বাংলাদেশের ১৯ জন জনপ্রিয় সংগীতশিল্পী—ফাহমিদা খাতুন, রথীন্দ্রনাথ রায়, তপন মাহমুদ, ইন্দ্রমোহন রাজবংশী, ফাহিম হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, সাজেদ আকবর, সালমা আকবর, লিলি ইসলাম, লীনা তাপসী খান, রোকাইয়া হাসিন, চন্দনা মজুমদার, মহাদেব ঘোষ, বুলবুল ইসলাম, শারমীন সাথী ইসলাম, মাহাদি, এলিটা ও কোনাল। এ ছাড়া ইবরার টিপুর সুর ও সংগীতায়োজনে বাংলাদেশ গেমসের স্বাগত সংগীত পরিবেশনায় অংশ নেবেন শাকিলা জাফর, সুবীর নন্দী, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও কনা।উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান এশিয়াটিক ইভেন্টসের মহাব্যবস্থাপক ফারুক আহমেদ জানান, বর্ণিল আয়োজনে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে ১৯ জন শিল্পীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের সঙ্গে থাকবেন রেজওয়ানা চৌধুরীর সংগীত-শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার ১০০ জন শিল্পী। বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২০ মিনিটের একটি তথ্যচিত্র তৈরি করেছেন শংকর সাঁওজাল। নাম আমরা জীবন দিয়ে খেলি। এর আবহসংগীত করেছেন বাপ্পা মজুমদার। এই তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যগত বিষয়গুলো তুলে ধরা হবে। কোরিওগ্রাফি করেছেন তামান্না রহমান।দেড় ঘণ্টার এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি।