বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক পূর্তি
২৯ নভেম্বর গ্রুপ থিয়েটার দিবস। ১৯৮০ সালের এই দিনে বাংলাদেশের নাট্যকর্মীদের স্বপ্ন বাস্তবায়ন এবং গ্রুপ থিয়েটার আন্দোলনকে বিকশিত করার প্রত্যয় নিয়ে গঠন করা হয়েছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। দিনটি ঘিরে সারা দেশের নাট্যকর্মীরা আয়োজন করেন নানা অনুষ্ঠানের।এ বছর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক পূর্তি হচ্ছে। এ উপলক্ষে ফেডারেশন কেন্দ্রীয়ভাবে তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করছে।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রচার সম্পাদক মীর জাহিদ হাসান জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ শুক্রবার দিনব্যাপী আয়োজন করা হয়েছে নারী নাট্যকর্মী সম্মিলন, সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদল পরিবেশিত নাটক রাঢ়াঙ। শনিবার থাকছে ভিডিওনাট্যের প্রদর্শনী ও নাট্যকর্মীদের আড্ডা। রোববার বিকেল চারটায় মঞ্চনাটকের প্রয়োগকর্মী সম্মিলন, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় পরিবেশিত হবে প্রাচ্যনাটের নাটক রাজা ও অন্যান্য। সোমবার বিকেল চারটায় থাকছে শোভাযাত্রা এবং একুশে পদকপ্রাপ্ত নাট্যজনদের সম্মাননা প্রদান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক পূর্তি অনুষ্ঠান।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বললেন, ‘সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই সংগঠনটি তিন দশক পূর্ণ করেছে। দেশের আনাচ-কানাচে নাট্যচর্চাকে ছড়িয়ে দিয়েছে। বিশ্বের অনেক দেশেই এখন পেশাদার থিয়েটারচর্চা শুরু হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এই চর্চা এখনো শুরু করা সম্ভব হয়নি। আমাদের নাট্যশিল্পকে বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রাখতে পেশাদার থিয়েটারের গুরুত্ব অপরিহার্য।’