
তিন দিনের বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব পর্ষদ। পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ছিল তামান্না রহমানের নির্দেশনায় তাঁর দলের উদ্বোধনী নৃত্য। স্বাগত বক্তব্য দেন উৎসব পর্ষদের সদস্যসচিব সেলিম শামসুল হুদা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরাবাসীর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘ত্রিপুরা আমাদের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ত্রিপুরা থেকে আসা অতিথিদের আমি স্বাগত জানাচ্ছি। আশা করি, এখানে আমরা তাঁদের শিল্পসম্ভার দেখতে পাব।’
আরও বক্তব্য দেন ত্রিপুরার এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বসু, ত্রিপুরার সাংস্কৃতিক দলের নেতা গৌতম দাস, উৎসব পর্ষদের কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। সভাপতি ছিলেন উৎসব পর্ষদের চেয়ারম্যান রামেন্দু মজুমদার।
দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশ ও ত্রিপুরার শিল্পীদের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশনা। উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে চিত্র প্রদর্শনী। বাংলাদেশের ২২ জন ও ত্রিপুরার ১৩ জন শিল্পী এতে অংশ নিয়েছেন। প্রদর্শনীর উদ্বোধন করেছেন শিল্পী রফিকুন নবী। উৎসবের দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলবে এ প্রদর্শনী।
আজ বেলা সাড়ে তিনটায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে রয়েছে কবিতা পাঠ, আবৃত্তি এবং ত্রিপুরার বাংলা কবিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্যদল থিয়েটারের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। আগামীকালও চলবে উৎসব।
নগরের মঞ্চে গ্রামীণ সন্ধ্যা
দর্শকে পরিপূর্ণ ছিল মিলনায়তন। গ্রামীণ নকশিকাঁথার আবহে সজ্জিত মঞ্চ। অন্ধকারের মধ্য থেকে ভেসে এল লোকজ যন্ত্রের সুর। আলো পড়তেই ভেসে ওঠেন সৈয়দ শামসুল হকের নাটক চম্পাবতীরকুশীলবেরা।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হলো প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের নাটক চম্পাবতী।স্কুলটির ৩১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এ নাটক শুরুর আগেই ছিল আলোচনা। প্রাচ্যনাটের শিল্পনির্দেশক আজাদ আবুল কালামের সভাপতিত্বে অতিথি নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বলেন, এখন অভিনয় না শিখেই অনেকে অভিনেতা হয়ে যাচ্ছে। স্কুলিং ছাড়া অভিনয় করা কঠিন, ভালো অভিনেতা হওয়া যায় না। সব জায়গাতেই ভালো করতে হলে স্কুলিং জরুরি। আরেক অতিথি দ্বিতীয় সৈয়দ হক বলেন, তৃতীয় বিশ্বে নাটক শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের কাছে সামাজিক ও রাজনৈতিক কথা পৌঁছানোর অন্যতম মাধ্যম।
বক্তব্য দেন আনোয়ারা সৈয়দ হক ও প্রাচ্যনাটের অন্যতম পরিচালক শহিদুল মামুন। অতিথিদের হাত থেকে সনদ নেন প্রাচ্যনাটের ৩১ ব্যাচের শিক্ষার্থীরা।