বাংলাদেশ থেকে অ্যালবাম বের করতে আগ্রহী শুভমিতা
বাংলাদেশ থেকে নিজের একটি একক অ্যালবাম প্রকাশের আগ্রহ দেখিয়েছেন ভারতের বাংলা গানের এ সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতা। জানা গেছে, যদি এ দেশের কেউ তাঁর অ্যালবাম করতে ইচ্ছে পোষণ করেন, তাহলে সানন্দে রাজি হবেন তিনি। বাংলাদেশে শুভমিতা প্রথম আসেন বছর দেড়েক আগে। তাও আবার একটি ডুয়েট অ্যালবামের কাজে। ফুয়াদ ও আরফিন রুমী ওই অ্যালবামের কম্পোজিশন করেছিলেন। অ্যালবামটিতে শুভমিতার সহশিল্পী ছিলেন দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট শহীদ। জানা গেছে, অ্যালবামটি আগামী ভালোবাসা দিবসে বাজারে আসবে। এরই মধ্যে অ্যালবামটির কাজ প্রায় শেষ হয়ে গেছে। মূলত ওই অ্যালবামের কাজ করার সময়ই বাংলাদেশের সঙ্গে শুভমিতার প্রথম যোগাযোগ ঘটে। এবারের আসাটাও সেই সর্ম্পকেরই সূত্র ধরে বলে জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন জনপ্রিয় শিল্পী শুভমিতা। উদ্দেশ্য দেশটিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে অংশ নেওয়া। বাংলাদেশে এসে শুভমিতা ওঠেন ঢাকা ক্লাবের অতিথিশালায়। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যার পরপরই পৌঁছে যাই ঢাকা ক্লাবে। সেখানেই কথা হয় এই গায়িকার সঙ্গে।কক্ষে ঢুকতেই শুভমিতা স্বভাবসূলভ হাসি দিয়ে স্বাগত জানান। আলোচনার শুরুতেই জানতে চাইলাম এবারের সফরটা নিয়ে। জবাবে শুভমিতা বলেন, ‘এবারের সফরটা আমার জন্য একটু অন্য রকম হবে মনে হচ্ছে। কারণ এবারই প্রথম আমি লাইভ অনুষ্ঠানে গান করতে এসেছি। বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এর আগে আমার অনুষ্ঠান হয়নি। সে হিসেবে এবারের সফরটা আমার কাছে সব দিক থেকেই স্পেশাল। তা ছাড়া এবারের সফরের মাধ্যমে এই প্রথম আমি বাংলাদেশের শ্রোতাদের সঙ্গে গানের অনেক কিছু শেয়ার করতে পারব।’ কলকাতার জনপ্রিয় এই গায়িকা কিছুদিন আগে ঢাকার একটি চলচ্চিত্রেও গান করেছেন। ‘ধানমন্ডি আট নম্বর’ নামের এই চলচ্চিত্রে শুভমিতার সঙ্গে গেয়েছেন দূরবীনের ভোকালিস্ট শহীদ। আরফিন রুমীর সংগীত পরিচালনায় গানটির সুর করেছেন কাজী শুভ। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে শুভমিতা জানান, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করার। অবশেষে সেটাও সম্ভব হয়েছে আমার বাংলাদেশি শহীদ ভাইয়ের মাধ্যমে। বাংলাদেশের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ ভালো লেগেছে।’ বাংলাদেশে কারও গান শোনা হয় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের অনেকেরই গান শোনা হয়। তাঁদের মধ্যে আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, রুনা লায়লা। মজার ব্যাপার হচ্ছে, রুনা লায়লা যে বাংলাদেশের গায়িকা, এটাই আমি কিছুদিন আগে পর্যন্ত জানতাম না। আমি মনে করতাম, উনি আমাদের ওখানেরই গায়িকা। এ ছাড়া বর্তমানে জেমস আমাদের ওখানে ভীষণ জনপ্রিয়।’দেশটিভিতে গতকাল মঙ্গলবার রাতে ‘কল-এর গান’ অনুষ্ঠানের শিল্পী ছিলেন ভারতের বাংলা গানের এ সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতা। অনুষ্ঠানের পর আজ বুধবার বিকেল তিনটায় ঢাকা ছাড়েন তিনি।