বাংলাদেশ থেকে চন্দ্রবিন্দুর অ্যালবাম!
ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু এবার বাংলাদেশ থেকে অ্যালবাম করার পরিকল্পনা করেছে। এ ব্যাপারে কিছুটা আলোচনাও করেছে তারা। এবারই প্রথম ঢাকায় এসেছে চন্দ্রবিন্দু। দেশ টিভিতে শুক্রবার রাতে কল-এর গান অনুষ্ঠানে গান করেছে তারা। পরদিন সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছিল চন্দ্রবিন্দুর কনসার্ট। এ ছাড়া দিনের বেলায় ঢাকার বিভিন্ন স্থানে ঘুরেছেন চন্দ্রবিন্দুর সদস্যরা। কেনাকাটাও করেছেন। কনসার্টের আগে ঢাকা ক্লাবে কথা হলো চন্দ্রবিন্দুর সদস্যদের সঙ্গে।এফএম রেডিও এবং অডিও সিডির মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা চন্দ্রবিন্দুর গানের সঙ্গে বেশ পরিচিত। চন্দ্রবিন্দুর অন্যতম সদস্য অনিন্দ্য জানান, চন্দ্রবিন্দুর শুরুটা হয়েছিল ১৯৮৯ সালে। একটু অন্য রকম গানের জন্য এরই মধ্যে শ্রোতাদের মধ্যে আলাদা অবস্থান তৈরি হয়েছে তাদের।প্রথম ঢাকায় আসার অনুভূতি জানাতে গিয়ে অনিন্দ্য বলেন, ‘আমাদের এবারের সফরটি এতটাই সংক্ষিপ্ত যে বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। তবে দেশ টিভির অনুষ্ঠানটি আমাদের অবাক করেছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে ফোন করেছেন, গান শোনার জন্য অনুরোধ করেছেন। বাংলাদেশের শ্রোতারা আমাদের গান এতটা শোনেন—এমনটা কখনো ভাবিনি। বাংলাদেশের শ্রোতাদের গান শোনানোর খুব ইচ্ছা ছিল। এবার সেটা সম্ভব হলো। আশা করছি, এখন থেকে নিয়মিতই আসা হবে।’এবারের সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো বাংলাদেশ থেকে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম প্রকাশের প্রস্তাব। সবকিছু ঠিক থাকলে চন্দ্রবিন্দুর পরবর্তী অ্যালবামটি বের হবে বাংলাদেশ থেকে। এ প্রসঙ্গে অনিন্দ্য বলেন, ‘আগামী বছরের শুরুতেই আমাদের পরবর্তী অ্যালবাম বাজারে আসবে। আর অ্যালবামটি বাংলাদেশ থেকেই বের হওয়ার সম্ভাবনা আছে। এ নিয়ে অবশ্য আলাপও হয়েছে। দু-একজন আমাদের অ্যালবাম প্রকাশের ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন। অনুষ্ঠান করতে এসে আমাদেরও বাংলাদেশ থেকে অ্যালবাম প্রকাশের আগ্রহটা তৈরি হয়েছে।’দুই দিনের সফর শেষে গতকাল রোববার সকালে কলকাতা ফিরে গেছেন চন্দ্রবিন্দুর সদস্যরা।