বাংলাদেশ থেকে বেরোচ্ছে প্রতুলের অ্যালবাম
‘এ বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম, তখন বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমার একটা অ্যালবাম করার ব্যাপারে আগ্রহের কথা জানানো হয়েছিল। তখন তাদের বলেছিলাম, আমার গলা বেশ ক্লান্ত, এখন করাটা ঠিক হবে না। কলকাতায় ফিরে গিয়ে একটু ধীরেসুস্থে, ভেবেচিন্তে কাজটা করব। এবার সেই সুযোগটা পেয়ে গেলাম। ১০টা গান তৈরি করে সেপ্টেম্বর মাসে ওদের দিয়েছি।’ বললেন প্রতুল মুখোপাধ্যায়। গতকাল বুধবার দুপুরে ভারতের কলকাতায় মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। এবারই প্রথম বাংলাদেশ থেকে তাঁর অ্যালবাম বের হচ্ছে। আর এই উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।প্রতুল জানান, বাংলাদেশে আসার আগে তিনি একটি গান তৈরি করেছিলেন, ‘দুইজনায় বাঙালি ছিলাম’। অ্যালবামের শুরুটা হয়েছে এই গান দিয়ে। আর ‘আমি বাংলায় গান গাই’? ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল বললেন, ‘এই গানটি তো অবশ্যই থাকছে। এটি হবে অ্যালবামের শেষ গান। এই একটি ছাড়া অ্যালবামের বাকি সব গানই নতুন। মঞ্চে গাওয়া হয়েছে, কিন্তু কোনো অ্যালবামে রাখা হয়নি।’ প্রতুল বললেন, ‘এই অ্যালবামের জন্য আমি শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, অন্নদাশঙ্কর রায় আর বাংলাদেশের আল মাহমুদের কবিতা থেকে গান তৈরি করেছি। বরাবরের মতো সব কটি গানের সুর আমিই করেছি। সঙ্গে যন্ত্রানুষঙ্গও রেখেছি। ও কাজটা করেছে কল্যাণ সেন বরাট। আর পুরো ব্যাপারটা সমন্বয় করেছে রতন বসু মজুমদার। মজার ব্যাপার হলো, অ্যালবামের সব কটি গানের কাজ করেছি মাত্র এক দিনে।’উদীচীর আমন্ত্রণে সত্যেন সেন গণসংগীত উৎসব উপলক্ষে এ বছরই মার্চ মাসে বাংলাদেশে এসেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নিজের প্রথম অ্যালবাম বের হওয়ার অনুভূতি জানাতে গিয়ে প্রতুল বললেন, ‘আমার কিছু অভিমান ছিল। ভেবেছিলাম, কোনো দিনই বাংলাদেশে যাব না। কিন্তু এবার বাংলাদেশে যাওয়ার পর ধারণাটা পাল্টে গেছে। বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে এতটা আন্তরিক হবে ভাবিনি। তাঁদের আন্তরিকতা আমার ভেতরকে, মানে অন্তরকে স্পর্শ করেছে। আমার গান শোনার জন্য এত মানুষ অপেক্ষা করে ছিল!—বাংলাদেশে না গেলে তা আমার অজানাই থেকে যেত। আমি বলব, অনেক বড় ক্ষতি হয়ে যেত। এ পর্যন্ত আমার সাতটি অ্যালবাম বেরিয়েছে। এবার আট নম্বরটি বের হবে বাংলাদেশ থেকে, খুব আনন্দ হচ্ছে।’বেঙ্গল ফাউন্ডেশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক খন্দকার তাজমী নূর জানান, অ্যালবামটির কাজ শেষ হয়েছে। এ বছরই তা প্রকাশ করা হবে।