বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র 'স্বরূপ সন্ধান'

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতির ধারার পরিবর্তন তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘স্বরূপ সন্ধান’। বাংলাদেশের চলচ্চিত্রবিষয়ক এই তথ্যচিত্র নির্মাণ করছেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী।
‘স্বরূপ সন্ধান’ তথ্যচিত্র সম্পর্কে নির্মাতা সাজ্জাদ হোসেন বলেন, ‘সব মিলিয়ে “স্বরূপ সন্ধান” তথ্যচিত্রের ব্যাপ্তি প্রায় চার ঘণ্টা। এর কাজ প্রায় শেষের দিকে। এপ্রিল মাসের মধ্যেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
‘স্বরূপ সন্ধান’ তথ্যচিত্র নিয়ে এর দুই নির্মাতা মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভীর প্রত্যাশা, নানা মত ও পথ বিশ্লেষণের মধ্য দিয়ে ভবিষ্যতের চলচ্চিত্র গবেষক ও নির্মাতাদের জন্য এই তথ্যচিত্র সহায়ক হবে।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘স্বরূপ সন্ধান’ তথ্যচিত্রের আটটি গানের দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। তথ্যচিত্রের গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন আরাফাতুল কবির ও ভগীরথ মালো। সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন দিদারুল করিম ও রবীন্স চৌধুরী। প্রতিটি গানে কণ্ঠ দিয়েছেন ফরিদপুরের বাউল ভগীরথ মালো।
তথ্যচিত্রের গানগুলোর শিরোনাম হচ্ছে ‘রাইফেল যখন ক্যামেরা’, ‘অবিরাম শ্রমে আর ফসলে’, ‘কত গুণীজন সিনেমা বানাল’, ‘চলছিল ভালো’, ‘কথা থেকে যায়’, ‘সিনেমায় বাইন্ধা ছিল বাংলাদেশের গান’, ‘কি যে কারিগর’ এবং ‘অচেতন রাখবে বাঙালিরে’।