
সম্পর্ক উন্নয়নে নিয়মিত সাহিত্য ও সংস্কৃতি বিনিময়মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বাংলাদেশ ও নেপালের শিল্পীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে হয়ে গেল সে রকম এক অনুষ্ঠান।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নেপালের সাতজন ও বাংলাদেশের তিন কবি। একক নাচ পরিবেশন করেন নেপালের দুই শিল্পী, সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশের সপ্তকলির আসর। নেপালের ভূমিকম্পের ওপর লেখা গোপী কৃষ্ণ ডুঙ্গানার একটি ইংরেজি গল্পের বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস, ঢাকায় নেপাল দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুশীল কুমার লামসাল, নেপাল ক্রিয়েটিভ রাইটার্স সোসাইটির চেয়ারম্যান পবন আলোক প্রমুখ।