বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে ২৫ ও ২৬ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বর্ষপূর্তি ও কবির ১১৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। এ উপলক্ষে দুই দেশেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য অধিদপ্তরে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ মে শুক্রবার সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের আইন, বিচার ও সংখ্যালঘুবিষয়কমন্ত্রী সালমান খুরশিদ। এ ছাড়া ভারতের সাংসদ, বিশিষ্ট সংগীতশিল্পী ও আবৃত্তিশিল্পীদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল দুই দিনের এই অনুষ্ঠানে অংশ নেবে।উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় দুই দেশের নজরুল বিশেষজ্ঞরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন দুই দেশের শিল্পীরা। এ ছাড়া ওই দুই দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শিল্পকলা একাডেমীতে কবি নজরুল-সংক্রান্ত একটি পুস্তক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।যৌথ কর্মসূচির অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও কবির জন্মস্থান বর্ধমানেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হবে।তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে কবি নজরুলকে নিয়ে এর আগে আর কোনো অনুষ্ঠান হয়নি।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে এক যৌথ ইশতেহারে কবি নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তি অনুষ্ঠান যৌথভাবে উদ্যাপন করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের আলোকেই দুই দিনব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম প্রমুখ।