কবির জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল ‘বেগম সুফিয়া কামাল সম্মাননা ও স্মারক বক্তৃতা’। ‘বাংলাদেশ মহিলা পরিষদ’-এর আয়োজনে ‘বেগম সুফিয়া কামাল ও একবিংশ শতাব্দীর নারী আন্দোলন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হুসাইন।
এ বছর ‘বেগম সুফিয়া কামাল সম্মাননা’ পেয়েছেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সম্মাননা গ্রহণ করে হাসান আজিজুল হক বলেন, ‘দেশের খুব সামান্য জায়গায় আলো পড়ছে, বাকি জায়গা অন্ধকার।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নারী-পুরুষের মধ্যে রয়েছে অসমতা। যার পরিণতি শুভ নয়। নারীকে সমাজ তথা দেশের অর্ধাংশ বিবেচনা করতে হবে, এর চেয়ে কিঞ্চিৎ পরিমাণ কম নয়।’
সংগঠনের সভাপতি আয়েশা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। শুরুতে সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান ও শিল্পী সঞ্জয় রায়।