বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার ১০ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ১০ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। দাবিগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশের জাতীয় সংগীতের সঠিক সুর নির্ধারণ করা, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণা, দুই কবির জন্মদিনে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে অনুষ্ঠান আয়োজন করা এবং রবীন্দ্রনাথ ঠাকুর, ফকির লালন শাহ ও হাসন রাজার নামে ঢাকার তিনটি প্রধান সড়ক ও স্থাপনার নামকরণ। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার পক্ষ থেকে দাবিগুলো উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন মাহমুদ।একবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু হয়েছে গত মঙ্গলবার। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পাঁচ দিনের এই উৎসব উদ্বোধন করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার অন্য দাবিগুলো হলো—সরকারি উদ্যোগে রবীন্দ্র একাডেমি প্রতিষ্ঠা, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বরাদ্দ থেকে ৫০ শতাংশ এ দেশীয় সংস্কৃতির জন্য ব্যয়ে উদ্বুদ্ধ করা, রবীন্দ্র স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি ও শাহজাদপুর পতিসরের স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা, বাংলাদেশ বেতারে শিল্পীদের সম্মানী বাড়ানো, বিভিন্ন প্রচারমাধ্যমে রবীন্দ্রসংগীত সঠিকভাবে পরিবেশন করা এবং বিটিভিতে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠানের সংখ্যা ও সময় বাড়ানো।অনুষ্ঠানে বেহালাশিল্পী সুবল দত্তকে সংবর্ধনা জানানো হয়।