বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক মঞ্চে ১৮ দিনে দেখা যাবে ৬৪ জেলার শিল্পীদের পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কাল শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে চারটায় একাডেমির নন্দন মঞ্চে দেশের সব জেলা শিল্পকলা একাডেমির শিশু দল ও বড়দের সমবেত সংগীত, নৃত্য, একক সংগীত, আবৃত্তি, অভিনয় ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা।
আগামীকাল শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। এ সময় তিনি বলেন, এ উৎসবের আয়োজনের উদ্দেশ্য, দেশের সব অঞ্চলের শিল্পীদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করা। যেহেতু এখানে বিচারকদের ভূমিকা থাকবে, এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ কাজ করবে এবং রাজধানীর সংস্কৃতিসেবীরা জানবেন যে প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো চর্চা হচ্ছে।