বাংলাদেশি আইডল উপস্থাপনায় হিল্লোল-সামিয়া
সংগীত প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো বাংলাদেশি আইডলের সঞ্চালক হিসেবে যোগ দিলেন আদনান ফারুক হিল্লোল ও সামিয়া আফরিন। আজ মঙ্গলবার চট্টগ্রামে উপস্থাপক জুটি হিসেবে তাঁদের অভিষেক হয়েছে। সামিয়া আফরিনকে সবাই উপস্থাপক হিসেবেই চেনেন, অবশ্য মাঝেমধ্যে তিনি অভিনয়ও করেন। অন্যদিকে আদনান ফারুক হিল্লোলের পরিচিতি শুধুই একজন অভিনয়শিল্পী। নওশীনের সঙ্গে জুটি হয়ে চ্যানেল টোয়েন্টিফোরের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। এবার হিল্লোল উপস্থাপনা করলেন এই রিয়েলিটি শোর। হিল্লোলের জন্য রিয়েলিটি শো উপস্থাপনা প্রথমবারের মতো হলেও সামিয়া এর আগে আরও কয়েকটি রিয়েলিটি শোর উপস্থাপনা করেছেন।এ প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘বাংলাদেশি আইডল প্রতিযোগীদের জন্য এটা যেমন আন্তর্জাতিক মানের প্লাটফর্ম, ঠিক তেমনি আমার জন্যও। যেহেতু বাংলাদেশি আইডল একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠান, তাই অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হচ্ছে। তবে আমি কিন্তু উপস্থাপনার বিষয়টি নিয়ে খুব বেশি সিরিয়াস নই। বিষয়টিকে আমি একেবারেই স্বাভাবিকভাবে নিয়েছি। আনন্দের মধ্য দিয়েই পুরো কাজটি করছি।’অন্যদিকে সামিয়া বলেন, ‘আমি এর আগে আরও কয়েকটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছি। তবে বাংলাদেশি আইডল যেহেতু আন্তর্জাতিক মানের, তাই এখানে চাপটা অপেক্ষাকৃত একটু বেশি। বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু অনুষ্ঠানটি এর আগেও হয়েছে, তাই তুলনাটা থাকবে বেশি। সে হিসেবে চেষ্টা করছি উপস্থাপনার মধ্য দিয়ে আরও ভালো কিছু করার।’ বিশ্বব্যাপী দর্শক-ভোটের মাধ্যমে সেরা সংগীতশিল্পী নির্বাচনের অন্যতম সেরা ও সফল টিভি শো ‘আইডল’। এই প্রতিযোগিতার বাংলাদেশি সংস্করণ বাংলাদেশি আইডলের প্রধান বিচারক হিসেবে থাকছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন।