বাংলাদেশি আইডল বান্দরবানের মং

প্রথম বাংলাদেশি আইডল হওয়ার গৌরব অর্জন করলেন পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের মং উ চিং মারমা। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশি আইডলের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রথম বাংলাদেশি আইডল হওয়ার মধ্য দিয়ে বান্দরবানের মং জিতে নিলেন কোটি টাকার পুরস্কার।
বাংলাদেশি আইডল হওয়ার পর মং জানিয়েছেন, ‘সবকিছুই স্বপ্নের মতো লাগছে। ভাইয়ার কাছে থেকে প্রথম গিটার নিয়ে গান শেখার চেষ্টা করি। কিন্তু বাবা সেই গিটার ফেলে দিয়েছিলেন। তারপর আবারও সেই গিটার কুড়িয়ে নিয়ে চর্চাটা অব্যাহত রাখি। আজ বাংলাদেশি আইডল হওয়ার পর মনে হচ্ছে, আমার গানের পথচলা শুরু হয়েছে।’
মং বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। যে আশা থেকে আপনারা আমায় প্রথম বাংলাদেশি আইডল হিসেবে নির্বাচন করেছেন, আপনাদের সেই আশা যেন পূরণ করতে পারি।’
বাংলাদেশি আইডলের প্রথম আসরের রানারআপ হয়েছেন ঢাকার আরিফ রহমান আর দ্বিতীয় রানারআপ হয়েছেন সিলেটের মৃণ্ময় সিং মন্টি। তাঁরা দুজনে নগদ পেয়েছেন যথাক্রমে দুই লাখ ও এক লাখ টাকাসহ আর নানা পুরস্কার।
গ্র্যান্ড ফিনালেতে দারুণ সব চমক ছিল স্টেজ পারফরম্যান্সে। সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে প্রখ্যাত সুরকার আলম খান তৈরি করেন একটি গান। ‘বাংলা গানে বিশ্বজয় আমরা করবই/স্বপ্নের দিগন্তটা হাতে ধরবই’— এমন কথার গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন। এ ছাড়াও বাংলাদেশি আইডলের চূড়ান্ত পর্বে চমক হিসেবে মঞ্চে প্রথমবারের মতো মৌলিক গান পরিবেশন করেন সেরা তিন প্রতিযোগী। এ তিনজন প্রতিযোগীর জন্য দেশের স্বনামধন্য তিনজন মিউজিক কম্পোজার ও গীতিকার গান তৈরি করেন। এর মধ্যে ফুয়াদ নাসের বাবুর সুরে ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় গেয়েছেন মন্টি। বাপ্পা মজুমদারের সুরে ও শাহান কবন্ধের কথায় গেয়েছেন মং। আর পার্থ বড়ুয়ার সুরে ও কবির বকুলের কথায় গেয়েছেন আরিফ।
আয়োজনের মূল চমক প্রথম বাংলাদেশি আইডল নির্বাচন হলেও আরও বেশ কিছু চমক ছিল গ্র্যান্ড ফিনালের ঝলমলে এ আসরে। এর মধ্যে ছিল ঢালিউডের সেরা জুটি শাকিব খান-অপু বিশ্বাসের স্টেজ পারফরম্যান্স। ছিল সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা, ফাহমিদা নবীর সংগীত পরিবেশনা। আরও ছিল বাংলাদেশি আইডলের সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে নানা রকমের সংগীতায়োজন।
উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে দেশের আটটি বিভাগে নাম নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি আইডলের কার্যক্রম।