বাংলাদেশি আইডল বিজয়ী পাবেন কোটি টাকার পুরস্কার

‘বাংলাদেশি আইডল-২০১৩’ রিয়েলিটি শোর জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ডিসেম্বর শুক্রবার রাত আটটায়। পুরো অনুষ্ঠানটি প্রচার করবে এসএ টিভি। কোটি টাকা মূল্যমানের পুরস্কার পাবেন বাংলাদেশি আইডল বিজয়ী। আজ মঙ্গলবার গুলশানে এসএটিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, যিনি বাংলাদেশি আইডল নির্বাচিত হবেন তিনি পাবেন একটি নতুন গাড়ি, নগদ ১০ লাখ টাকার চেক, উচ্চতর সংগীত প্রশিক্ষণের ব্যয়ভারসহ মোট এক কোটি টাকা মূল্যমানের পুরস্কার। এ ছাড়া বাংলাদেশি আইডলের সেরা শিল্পীদের নিয়ে বিশ্বভ্রমণসহ দেশের বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশি আইডলের সেরা তিন প্রতিযোগী মৃণ্ময় সিংহ মন্টি, আরিফ রহমান জয় এবং মং উ চিং মারমার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, সিইও সৈয়দ সালাহউদ্দিন জাকী, ডেল্টা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুলসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার বিশ্বাস, এ প্রতিযোগিতার সেরা তিনজনই আইডল হওয়ার যোগ্যতা রাখেন। আমার আশা, তাঁরা দেশ-বিদেশে বাংলাদেশের মান রাখবেন। আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশ আইডলের সফল সমাপ্তির সূত্র ধরে শিগগির জুনিয়র বাংলাদেশি আইডল অনুষ্ঠানেরও আয়োজন করতে পারব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন আইডলের সেরা তিন প্রতিযোগী। তাঁরা বলেন, ‘আমরা তিনজনই এখন এক ঘরের সন্তান হয়ে গেছি। আমাদের মধ্যে যে-ই আইডল হোক, আমাদের কারও মধ্যে কোনো আক্ষেপ থাকবে না।’