বাংলাদেশি আইডলের বাছাই শুরু চট্টগ্রাম থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রিয়েলিটি শো বাংলাদেশি আইডলের বাছাই কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত: স্থগিত করা করা হয়েছে রাঙামাটি অঞ্চলের ২৪ ফেব্রুয়ারির বাছাই কার্যক্রম। তাই রাঙামাটির পরিবর্তে চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগীদের দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশি আইডলের বাছাই কার্যক্রম। আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি টানা তিন দিন চলবে চট্টগ্রাম অঞ্চলের বাছাই। প্রতিদিন সকাল নয়টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আর রাঙামাটি অঞ্চলের বাছাই ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ পূর্ব ঘোষিত স্থানে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে) অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান ‘ডেলটা বে’র ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশি আইডলের প্রযোজক মঈনুল হোসেন জানান, বিশ্বমানের অনুষ্ঠানগুলো বাংলাদেশের দর্শক আমাদের টেলিভিশনে দেখবেন— এ লক্ষ্যেই ‘ডেলটা বে’ যাত্রা শুরু করেছিল। তাই বিশ্বখ্যাত রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র’-এর বাংলাদেশি সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’ নির্মাণ করেছিলাম। তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া ‘আইডল’ ফরম্যাটে নির্মিত হতে যাচ্ছে ‘‘বাংলাদেশি আইডল’। উল্লেখ্য, বিশ্বব্যাপী দর্শক ভোটের মাধ্যমে সেরা সংগীতশিল্পী নির্বাচনের অন্যতম সেরা ও সফল টিভি শো ‘আইডল’। এই প্রতিযোগিতার বাংলাদেশি সংস্করণ বাংলাদেশি আইডলের প্রধান বিচারক হিসেবে থাকছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন।