বাংলাদেশি আইডলের সঙ্গে বাংলালায়ন ও ক্লিয়ার
বিশ্বখ্যাত সংগীতভিত্তিক রিয়েলিটি শো আইডলের বাংলাদেশ সংস্করণ ‘বাংলাদেশি আইডল’-এর সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো ক্লিয়ার শ্যাম্পু ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘স্পনসর আনভেইলিং সিরিমনি’ ও সংবাদ সম্মেলনের। এ আয়োজনে বাংলাদেশি আইডলের নতুন লোগো উন্মোচন করা হয়। জানানো হয়, এরই মধ্যে প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন শেষ হয়েছে। নির্বাচিত ১০১ জন প্রতিযোগীকে নিয়ে আগামী মাস থেকে এসএ টিভিতে প্রচার শুরু হবে এই রিয়েলিটি শোর। আনুষ্ঠানিকভাবে দুই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। বাংলাদেশি আইডল নির্মাণ করছে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ডেল্টা বে। এই রিয়েলিটি শোর বিচারক হিসেবে রয়েছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহ্রীন।