বাংলাদেশি আইডলের সূচনাসংগীতে ন্যান্সি
বিশ্বখ্যাত রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর দেশি সংস্করণ ‘বাংলাদেশি আইডল’-এর সূচনাসংগীতে কণ্ঠ দিলেন নাজমুন মুনিরা ন্যান্সি।গানটিতে ন্যান্সি ছাড়াও কণ্ঠ দিয়েছেন অদিত, শোয়েব ও হাসিব। ‘জেগে ওঠো দ্বিধা ভেঙে, নাও ছিনিয়ে বিজয়’ শিরোনামের গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত। গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে অদিতের স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়।গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘অডিও অ্যালবামের গানের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রের সূচনাসংগীতেও বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছি; কিন্তু এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর জন্য গান করলাম। গানটির কথা প্রতিযোগীদের উদ্দীপ্ত করবে। গানটি গেয়ে আমার নিজেরও বেশ ভালো লেগেছে।’অদিত বলেন, ‘এই সূচনাসংগীতে স্বপ্ন, বিজয় ও অর্জনের বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু বাংলাদেশি আইডল আন্তর্জাতিক মানের শো, তাই এখানে মিউজিক থেকে শুরু করে সুরে ভিন্নতা আনার চেষ্টা করেছি।’অদিত বেশ কয়েকটি চলচ্চিত্র ও একক অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘জাগো’, ‘হ্যালো অমিত’, ‘দেহরক্ষী’।