বাংলাদেশি তারকারা স্মরণ করলেন বাপ্পি লাহিড়ীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
আশির দশকে ‘সুপার রুনা’ অ্যালবামের কাজের সূত্রে রুনা লায়লার সঙ্গে বাপ্পি লাহিড়ীর পরিচয়। সেই থেকে তাঁদের সম্পর্ক। পেশার কারণে সম্পর্কের শুরু হলেও, একটা সময় তা পারিবারিক সম্পর্কে রূপ নেয়। রুনা লায়লার মেয়ের সঙ্গেও বাপ্পি লাহিড়ীর মেয়ের দারুণ বন্ধুত্ব। রুনা-বাপ্পির সেই বন্ধুত্ব চার দশকের। সেই বন্ধুর হঠাৎ প্রয়াণে মর্মাহত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। ২০১৮ সালের ১৭ নভেম্বর কলকাতায় নিরিবিলিভাবে জন্মদিন উদ্‌যাপন করতে চেয়েছিলেন রুনা লায়লা। কিন্তু তা সম্ভব হয়নি। কলকাতার যে হোটেলে রুনা লায়লা উঠেছিলেন, সেই হোটেলেই স্ত্রীসহ ওঠেন ভারতের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী। একই হোটেলে রুনা লায়লার থাকার খবর জানতে পেরে ফোনে কথা বলেন বাপ্পি লাহিড়ী। তারপর দুজন দেখা করেন। ফুল আর কেক নিয়ে হোটেলে রুনার কক্ষে হাজির হন বাপ্পি লাহিড়ী। সেটাই ছিল তাঁদের শেষ দেখা
ছবি : রুনা লায়লার সৌজন্যে
২ / ৭
বাংলাদেশি সংগীতশিল্পী রফিকুল আলমের সঙ্গে বাপ্পি লাহিড়ীর পরিচয় স্বাধীনতাযুদ্ধের সময়ে। তখন বাপ্পি লাহিড়ী সংগীত পরিচালক হয়ে ওঠেননি, বাজাতেন তবলা। এরপর একসঙ্গে দেশ–বিদেশে তাঁদের অনেকবার দেখা হয়েছে। সুরদরিয়া ওপার ওপার নামে চ্যানেল আই আয়োজিত একটি রিয়েলিটি শোর তিনটি পর্বে রফিকুল আলম ও আবিদা সুলতানা দম্পতি বাপ্পি লাহিড়ীসহ বিচারক হিসেবে কাজ করেন। আজ বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবরে আবিদা সুলতানা ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘লন্ডনের ওয়েম্বলি কনফারেন্স হলে আমরা একসাথে শো করলাম যেবার, এটি তখনকার ছবি। ভালো থাকুন দাদা।’
ছবি : আবিদা সুলতানার সৌজন্যে
৩ / ৭
নব্বইয়ের দশকে জাপানে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলাদেশের কুমার বিশ্বজিৎ ও ভারতের বাপ্পি লাহিড়ী। সেখানেই তাঁদের দুজনের প্রথম দেখা। এরপর লন্ডনেও একবার তাঁদের দেখা হয়। বাংলাদেশে একটি ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গাইতে এসেছিলেন বাপ্পি লাহিড়ী, সেখানেই তাঁদের দুজনের শেষ দেখা। বাপ্পি লাহিড়ীর হঠাৎ চলে যাওয়ার খবরে কুমার বিশ্বজিৎ বললেন, ‘আজ খুব করে একটি কথা মনে পড়ছে। বাপ্পিদার সঙ্গে ফোনে অনেকবার কথা হয়েছে আমার, অনেক গল্প হয়েছে। তিনি আমেরিকায় একটি বাড়ি করেছেন। সেখানে অনেকবার আমাকে যেতে বলেছিলেন, নিমন্ত্রণ করেছেন। আফসোস রয়ে গেল, বাপ্পিদার বাড়িতে নিমন্ত্রণ খেতে কেন গেলাম না। এটা ভেবে কষ্ট পাচ্ছি।
ছবি : কুমার বিশ্বজিতের সৌজন্যে
৪ / ৭
বছর দশেক আগে বাংলাদেশি অভিনয়শিল্পী চম্পার গুলশানের বাসায় দাওয়াতে এসেছিলেন বাপ্পি লাহিড়ী। সেখানে অনেক নায়ক–নায়িকার দাওয়াত ছিল। সেই অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডালি ইকবাল দেখা পেয়েছিলেন তাঁর প্রিয় শিল্পী বাপ্পি লাহিড়ীর। সেখানেই ছবিটি তোলা হয়েছিল বলে জানালেন ডালি ইকবাল
৫ / ৭
২০০০ সালে ইতালিতে এটিএন বাংলার ইউরোপ লঞ্চিং অনুষ্ঠানে বাপ্পি লাহিড়ীর সঙ্গে শুভ্র দেবের গান নিয়ে অনেক কথা হয়। সেদিনের সেই সাক্ষাতের সময়ের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এই ভিডিওটি সেই সময়কার। আমি মনে করি, তাঁর অনেক কিছু দেওয়ার ছিল। হলিউডের বিখ্যাত সংগীত পরিচালক ল্যা লো শিফ্রিন যদি ৭০ বছর বয়েসে “মিশন ইম্পসিবল” ছবির সংগীত পরিচালনা করে এখনো বেঁচে থাকেন, তাহলে বাপ্পিদা কেন চলে গেলেন?’
৬ / ৭
বাপ্পি লাহিড়ীর কয়েকটি স্থিরচিত্র কোলাজ আকারে ফেসবুকে প্রকাশ করেছেন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। বাপ্পি লাহিড়ীকে প্রিয় মানুষ উল্লেখ করে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। জানালেন, ‘প্রিয় এই মানুষটির প্রথম দেখা পাই ১৯৯৫ সালে। তিনি সেই বছর গান গাইতে আসেন একটি অনুষ্ঠানে। বলিউড অভিনেত্রী জয়াপ্রদা ও শিল্পী কুমার শানুও ওই অনুষ্ঠানে এসেছিলেন। ২০০৮ সালে রিয়েলিটি শো ‘সুর দরিয়া এপার ওপার’-এর দুটি পর্বে অতিথি হিসেবে তাঁর পাশে বসার সৌভাগ্য হয়। দুদিন বাপ্পিদার কাছাকাছি থেকে তাঁর স্নেহ, ভালোবাসা দুটোই পেলাম। তাঁর সঙ্গে একটা সখ্য হয়ে গেল। তিনি আমার লেখা গান চাইলেন। সেই গান তাঁকে দেবার সৌভাগ্যও হলো। তবে তা একটু অন্যভাবে। কবির বকুলের লেখা সেই গানটির সুর করেছিলেন শওকত আলী ইমন। সোহানুর রহমান সোহানের লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়...। কবির বকুল শেষটা করেন এভাবে, ‘বাপ্পি লাহিড়ী চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন আমার গানে তাঁর ভালোবাসা। চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখ না/ কাভি আল বিদা না ক্যাহেনা, ওপারে ভালো থাকবেন কিংবদন্তি
৭ / ৭
২০১২ সালে এক অনুষ্ঠানে বাংলাদেশে এসেছিলেন বাপ্পি লাহিড়ী। সে সময় বাংলাদেশি সুরকার ও সংগীতশিল্পী শওকত আলী ইমনের সুরে একটি গান গেয়েছিলেন। লোভে পাপ পাপে মৃত্যু নামের এই সিনেমার ‘তুমি ছাড়া দিশেহারা’ গানটির কথা কবির বকুলের। বাপ্পি লাহিড়ীর সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মিতালী মুখার্জি। বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর সেদিনের স্মৃতিচারণা করেন ইমন। তিনি বলেন, ‘বাপ্পি লাহিড়ী তো অসাধারণ মানুষ। সবচেয়ে বড় কথা, তিনি যে আমার গান গাইবেন, তা ভাবতেই পারিনি। একটা মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাঁকে রিকোয়েস্ট করার পরে ট্র্যাকটা আমাকে পাঠিয়ে দিতে বলেন