বাংলাদেশি ‘কিংকং’
হলিউডের ব্যবসাসফল ছবি কিংকংয়ের আদলে এবার বাংলাদেশে তৈরি হলো চলচ্চিত্র। নাম বাংলার কিংকং। ছবির পরিচালক ইফতেখার জাহান বললেন, ‘পুরো ছবিতে কম্পিউটার-প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গরিলার পোশাক এনেছি যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া সেখান থেকে আনা বেশ কিছু সফটওয়্যারও ব্যবহার করেছি।’তিনি জানিয়েছেন, হলিউডের কিংকং ছবির গল্পের আদলেই বাংলার কিংকং ছবিটি নির্মাণ করা হয়েছে। বনে এক অভিযাত্রী দলের নারীসদস্যকে গরিলা ধরে নিয়ে যায়। একসময় গরিলার হাত থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়। সঙ্গে বন্দী করে আনা হয় গরিলাটিকে। কিন্তু শহরে এই গরিলাকে আটকে রাখা কঠিন হয়ে পড়ে।ছবির শুটিং হয়েছে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও রাঙামাটিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনমুন, ড্যানি সিডাক, শামীম ওসমান, আফজাল শরীফ, কাজী হায়াৎ প্রমুখ।ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২৮ মে ছবিটি মুক্তি দেওয়া হবে।