বাংলাদেশিদের অবস্থা সবাইকে জানাতে চেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সংবাদ সংগ্রহের জন্য মিসর ও লিবিয়ায় গিয়েছিলেন এটিএন নিউজের বার্তা বিভাগের প্রধান মুন্নী সাহা। ক্ষমতার পালাবদল, যুদ্ধ এবং এসব কারণে প্রবাসী বাংলাদেশিদের দুর্দশা দেখেছেন কাছ থেকে। এটিএন নিউজের মাধ্যমে দ্রুত ওই সব সংবাদ পৌঁছে দিয়েছেন সবার কাছে। সেখানে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তিনি।সম্প্রতি আপনি সংবাদ সংগ্রহের কাজ করতে মিসর ও লিবিয়ায় গিয়েছিলেন। যুদ্ধাবস্থায় ওখানে গিয়ে সংবাদ সংগ্রহের আগ্রহটা কেন হলো?লিবিয়ায় গিয়ে সংবাদ সংগ্রহের উদ্যোগ নেন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীর। লিবিয়ায় উত্তেজনা শুরু হওয়ার পর মিশুক মুনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে সংবাদ ডাউনলোড করতেন। একসময় তাঁর মনে হলো আমরা যেন এই সংবাদগুলো আরও গুরুত্ব দিয়ে প্রচার করি। একই মত ছিল আমারও। কারণ, প্রথম দিকে লিবিয়ায় যে অবস্থা ছিল, তাতে যুদ্ধ শুরু হলে বাংলাদেশিরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ নয়, আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা, তাদের ওই সময়ের অবস্থা সবাইকে জানানো। তখন মিশুক মুনীর আমাকে সেখানে যাওয়ার জন্য বললেন। আমিও দ্রুত সেখানে চলে যাই।ভিসা সংগ্রহে কোনো জটিলতা হয়েছিল?মিশুক মুনীরের সঙ্গে আলাপ হওয়ার পরদিন মিসর দূতাবাসে ভিসার জন্য আবেদন করি। হাতে হাতে ভিসা দেওয়ার কথা থাকলেও জটিলতা দেখিয়ে তিন দিন পর্যন্ত তারা দেরি করে। তবে আমার আগেই গ্রিসে পৌঁছে যান মিশুক মুনীর। ভিসা পাওয়ার পর ৭ মার্চ সন্ধ্যায় মিসরের সাল্লুম সীমান্তে গিয়ে পৌঁছাই আমি।সেখানে যাওয়ার পর কী ঘটেছিল?সাল্লুম সীমান্তে গিয়েই আমি প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছিলাম। আমাকে দেখে তাঁরা সবাই বললেন, এতদিন পর কেন গেলাম। কেন আরও আগে সেখানে গেলাম না। তাঁদের মারমুখী হওয়ার ব্যাপারটিকে আমি অবশ্য নেতিবাচকভাবে দেখিনি। কারণ, ওখানে যে অবস্থায় তাঁরা দিনযাপন করছিলেন, সেখান এ ধরনের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। অনেকে কান্নাকাটি করেছেন। আমি তাঁদের সঙ্গে অনেক সময় ছিলাম। একসময় তাঁরা আমাকে সংবাদ সংগ্রহের ব্যাপারে নানাভাবে সহযোগিতা করেন।যুদ্ধের সংবাদ সংগ্রহের উল্লেখযোগ্য কোনো ঘটনার কথা মনে পড়ে?লিবিয়ায় সবার কাছে বাংলাদেশিদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে। এটা সেখানে না গেলে জানতেই পারতাম না। ওখানে অন্যান্য দেশের কয়েকজন সাংবাদিক ছিলেন। কিন্তু আমি যখন নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিলাম, তখন গাদ্দাফির অনুগত বাহিনীর কাছ থেকেও যথেষ্ট সহযোগিতা পেলাম। তখন বাংলাদেশি হিসেবে গর্ব অনুভব করছিলাম।